Last Updated:
Shiv Sena (UBT) Chief: দলের সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ করলেন উদ্ধব ঠাকরে। তবে একইসঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দেন, শিবসেনার কর্মীরা পাশে থাকলে যে কোনও চ্যালেঞ্জ মোকাবিলা করতে তিনি প্রস্তুত।
নয়াদিল্লি: দলের সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ করলেন উদ্ধব ঠাকরে। তবে একইসঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দেন, শিবসেনার কর্মীরা পাশে থাকলে যে কোনও চ্যালেঞ্জ মোকাবিলা করতে তিনি প্রস্তুত।
দলে চলছে ভাঙনের জল্পনা, এর মধ্যে বৃহস্পতিবার দিল্লিতে অনুষ্ঠিত দলের সংসদীয় বৈঠকে Shiv Sena (UBT)-র ৯ জন লোকসভা সাংসদের মধ্যে মাত্র তিনজন উপস্থিত ছিলেন। এর জেরে উদ্ধব শিবির থেকে একাধিক সাংসদের দলত্যাগের জল্পনা আরও জোরদার হয়েছে।
সাংসদদের মধ্যে শুধুমাত্র অরবিন্দ সওয়ান্ত, রাজাভাউ ওয়াজে এবং অনিল দেশাই বৈঠকে উপস্থিত ছিলেন। পরে দল প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের সংবর্ধনাও দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উদ্ধব ঠাকরে বলেন, “অনেকেই হয়তো ভেবেছিলেন প্রতিষ্ঠা দিবসে শিবসেনার কর্মীদের মনোবল ভেঙে পড়বে। কিন্তু বাস্তবে তা হয়নি। শিবসেনার কর্মীরা আমার সঙ্গে থাকলে আমি যে কোনও চ্যালেঞ্জের মোকাবিলা করব।”
প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “একসময় কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন বালাসাহেব ঠাকরে। এর মাধ্যমে তিনি বোঝাতে চান যে শিবসেনা কখনও ক্ষমতার লোভে রাজনীতি করেনি”।
সাম্প্রতিক সমালোচনার জবাব দিতে গিয়ে উদ্ধব বলেন, “আপনারা চাইলে আমি দলের প্রধানের পদ ছাড়তে প্রস্তুত। আপনাদের মধ্যে কেউ যদি এই দায়িত্ব নিতে চান, তাতেও আমার আপত্তি নেই। যখন আপনারা মনে করবেন যে আমার এই পদে থাকা উচিত নয়, তখন আমি সরে যাব। কিন্তু যতদিন এই পদে আছি, ততদিন পাহাড়ের মতো দৃঢ়ভাবে লড়াই করে যাব।”
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
Jun 19, 2026 10:47 PM IST
