Last Updated:
Sikkim Tunnel Collapse: সিকিমের নামচি জেলায় এনএইচপিসি-র তিস্তা স্টেজ-VI প্রকল্পের নির্মীয়মাণ সুড়ঙ্গে ধসে অন্তত ২০ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। মিথেন গ্যাসের বিস্ফোরণের আশঙ্কায় এখনও পাঁচজন সুড়ঙ্গের ভিতরে আটকে রয়েছেন।
নামচিঃ সিকিমের নামচি জেলার সামারডুং এলাকায় এনএইচপিসি-র (NHPC) তিস্তা স্টেজ-VI জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ সুড়ঙ্গে ভয়াবহ ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০। সোমবার দুপুরে ঘটে যাওয়া এই দুর্ঘটনার ২৪ ঘণ্টারও বেশি সময় পরও সুড়ঙ্গের ভিতরে এখনও পাঁচজন শ্রমিক আটকে রয়েছেন। তাঁদের উদ্ধারে যুদ্ধকালীন তৎপরতায় অভিযান চালাচ্ছে একাধিক উদ্ধারকারী দল।
নামচির পুলিশ সুপার সোনম ডি ভুটিয়া জানিয়েছেন, দুর্ঘটনার সময় মোট ২৫ জন শ্রমিক ও প্রকল্প-সংশ্লিষ্ট কর্মী সুড়ঙ্গের ভিতরে ছিলেন। তাঁদের মধ্যে ২০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে। এখনও পর্যন্ত ১২টি দেহ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে সাতজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। বাকি মৃতদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে।
এনএইচপিসি-র প্রাথমিক অনুমান, পাথরের মধ্যে জমে থাকা মিথেন গ্যাসের আকস্মিক বিস্ফোরণের জেরেই সুড়ঙ্গে ধস নামে। বিস্ফোরণের পর সুড়ঙ্গের ভিতরে ঘন ধোঁয়া ও বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ায় উদ্ধারকাজ আরও কঠিন হয়ে পড়েছে। পশ্চিমবঙ্গ থেকে বিশেষ খনি উদ্ধারকারী দলও ঘটনাস্থলে পৌঁছে অভিযানে যোগ দিয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং জানান, মিথেন গ্যাসের বিস্ফোরণ এবং সুড়ঙ্গ ধসের প্রকৃত কারণ খতিয়ে দেখতে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হবে।
রাজ্য সরকার মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা ঘোষণা করেছে। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। কেন্দ্রের তরফে মৃতদের নিকটাত্মীয়দের জন্য ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।
এদিকে, মুখ্যসচিব রবীন্দ্র তেলাংয়ের নেতৃত্বে উচ্চপর্যায়ের বৈঠকে উদ্ধার অভিযান দ্রুততর করা, মৃতদের পরিচয় নিশ্চিত করা এবং ভিন্রাজ্যের ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
Kolkata,West Bengal
