Last Updated:
Smart Meter Installation from July: আগামী জুলাই মাস থেকে পশ্চিমবঙ্গে ধাপে ধাপে প্রায় ২ কোটি স্মার্ট মিটার বসানোর কাজ শুরু হবে বলে ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর। একই সঙ্গে PM সূর্যঘর যোজনা, কলকাতা মেট্রোর বকেয়া প্রকল্প, নতুন মেট্রো সংযোগ সমীক্ষা এবং পর্যটন পরিকাঠামো উন্নয়ন নিয়েও একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে।
কলকাতাঃ রাজ্যে আগামী জুলাই মাস থেকেই স্মার্ট মিটার বসানোর কাজ শুরু হবে। কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর জানিয়েছেন, ধাপে ধাপে রাজ্যে প্রায় ২ কোটি স্মার্ট মিটার বসানো হবে। প্রথম পর্যায়ে বাড়িতে বাড়িতে, সরকারি অফিস এবং বিভিন্ন সরকারি ভবনে স্মার্ট মিটার স্থাপন করা হবে। পরে বড় বিদ্যুৎ গ্রাহকদের মধ্যেও এই ব্যবস্থা চালু করা হবে।
এছাড়াও PM সূর্যঘর যোজনা দ্রুত চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৯-৩০ সালের বিদ্যুতের চাহিদা মেটাতে বিশেষ পরিকল্পনাও তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। একই সঙ্গে বিদ্যুৎ দফতরের প্রায় ৮০০ কোটি টাকার বকেয়া বিল দ্রুত মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে। স্বচ্ছ ভারত মিশন ও স্বচ্ছ সর্বেক্ষণ প্রকল্পে আগের রাজ্য সরকার অংশ নেয়নি বলেও অভিযোগ করেন মনোহর লাল খট্টর। ধাপা ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে পৃথক পরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, মিরিক ও শিলিগুড়ি—এই পাঁচ শহরের পরিচ্ছন্নতা উন্নয়নে কেন্দ্রীয় সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি কলকাতা মেট্রোর বকেয়া প্রকল্পগুলি দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। কলকাতা ও সংলগ্ন এলাকার প্রায় ৫০ লক্ষ মানুষের জন্য নতুন মেট্রো সংযোগের সমীক্ষাও করা হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়া পর্যটন কেন্দ্রগুলিতে মাল্টিলেভেল পার্কিং এবং আধুনিক পাবলিক টয়লেট নির্মাণের জন্য বিশেষ মাস্টার প্ল্যান তৈরির কথাও ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।
স্মার্ট মিটার কী?
স্মার্ট মিটার হল একটি আধুনিক ইলেকট্রনিক যন্ত্র, যা সাধারণ বিদ্যুৎ মিটারের মতোই বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ মাপে। তবে এর বিশেষ সুবিধা হল, এটি স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা এবং গ্রাহকের কাছে রিয়েল-টাইমে তথ্য পাঠাতে পারে।
ফলে মিটারের রিডিং সংগ্রহের জন্য আলাদা করে কর্মীদের বাড়ি বাড়ি যেতে হয় না। বিদ্যুৎ ব্যবহারের তথ্য সরাসরি ডিজিটাল মাধ্যমে পৌঁছে যায়। শুধু বিদ্যুৎ নয়, গ্যাস ও জল ব্যবহারের পরিমাণ নির্ধারণের ক্ষেত্রেও বর্তমানে স্মার্ট মিটারের ব্যবহার বাড়ছে।
Kolkata,West Bengal
