Last Updated:
Soham Chakraborty: সিনেমার নামে ১.০৫ কোটি টাকা নেওয়ার অভিযোগ, সোহমের বিরুদ্ধে গ্রেফতারির আর্জি আদালতে।
কলকাতা: অভিনেতা সোহম চক্রবর্তীর গ্রেফতারি চেয়ে আদালতে আবেদন অভিযোগকারীর। প্রতারণার মামলা দায়ের করা হয়েছিল চারু মার্কেট থানায়। সিনেমা করার নামে ১ কোটি ৫ লক্ষ টাকা নিয়ে সিনেমা না করার অভিযোগ।
গত ৫ জুন ১ কোটি ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ ওঠে অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। লিখিত অভিযোগের ভিত্তিতে চারু মার্কেট থানায় এফআইআর করা হয় অভিনেতা সোহমের বিরুদ্ধে। অভিযোগ, সোহম চক্রবর্তীর সংস্থার সঙ্গে একজন ব্যবসায়ী চুক্তি করেছিলেন। বিনিময়ে সোহমকে ১ কোটি ৫ লক্ষ টাকা দিয়েছিলেন।
কিন্তু পরে চুক্তি অনুযায়ী কাজ হয়নি এবং টাকা ফেরত দেননি সোহম, অভিযোগ এমনই। দু’দফায় ৮০ লক্ষ ও ২৫ লক্ষ টাকা দিয়েছিলেন সোহমের সংস্থাকে। ২০২৩ সালের মার্চ মাসের মধ্যে টাকা ফেরত দেওয়ার কথা ছিল। টাকা দেননি বলে অভিযোগ। প্রতারণা, বিশ্বাসভঙ্গ-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে সোহমের বিরুদ্ধে।
এই বিষয়ে অভিনেতা বলেছিলেন, “২০১৮ সালে একটি ছবি করার কথা হয়েছিল৷ তৃণা ফিল্মস-এর কর্ণধার তরুণ দাসের সঙ্গে ফোনে কথা বা দেখা হয়নি বলে জানান সোহম৷ ইপি অমিতাভ মুখার্জি এবং পরিচালক মহুয়া চক্রবর্তী এসেছিলেন গল্পটি বলেন৷ আমার পছন্দ হওয়ায় আমি কাজ করব জানাই এবং মহুয়া তখন প্রযোজকের তরফে ১৫ লক্ষ টাকার একটা চেক আমাকে দিয়েছিলেন৷ কিন্তু ছবিটা আর হয়নি৷ এর জন্য আমাকে অন্য ছবি বাতিল করতে হয়েছে৷”
রৌনক দত্ত চৌধুরী
Kolkata,West Bengal
Jun 08, 2026 12:57 PM IST
