Last Updated:
নিয়োগ-সহ তিন দফা দাবিতে আগামী ২৫ জুন বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছে ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’।প্রতিটি জেলা থেকে প্রতিনিধিদের নিয়ে বৃহত্তর জমায়েত ও সরকারের কাছে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে।
কলকাতাঃ নিয়োগের দাবিতে আগামী ২৫ জুন বিকাশ ভবন অভিযানের ডাক দিল ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই দিন দুপুর ১২টায় বিকাশ ভবনের সামনে জমায়েত করা হবে এবং চাকরিহারা যোগ্য প্রার্থীদের সমস্যা ও দাবি নিয়ে সরকারের কাছে ৩ দফা ডেপুটেশন দেওয়া নিয়ে আলোচনা করা হবে।
তিন দফা দাবি নিয়ে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। প্রথমত, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় যোগ্য প্রার্থীদের তালিকা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারের প্রকাশ করার দাবি জানানো হয়েছে।
দ্বিতীয়ত, সুপ্রিম কোর্টের নির্দেশে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক-শিক্ষিকা নিয়োগের প্রক্রিয়া শুরু হলেও কেন সেই প্রক্রিয়া ফের থমকে গেল, তার ব্যাখ্যা চেয়েছে সংগঠন।
তৃতীয়ত, চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত সুপ্রিম কোর্ট যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের চাকরির মেয়াদ বহাল রাখার নির্দেশ দিয়েছিল। সেই মেয়াদ নিয়ে পরবর্তীতে রাজ্য সরকারের কী পরিকল্পনা রয়েছে, তা স্পষ্ট করার দাবি জানানো হয়েছে। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে খারিজ হয় ২০১৬ সালের SSC-র প্যানেল। সেই খারিজ প্যানেলের ‘যোগ্য’ ১৫ হাজারের বেশি শিক্ষকের চাকরির মেয়াদ চলতি বছরের অগাস্ট পর্যন্ত দেয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি জেলা থেকে প্রতিনিধিদের নিয়ে বৃহত্তর ঐক্যবদ্ধ কর্মসূচির আয়োজন করা হবে। যোগ্য চাকরিপ্রার্থীদের ন্যায্য অধিকার ও কর্মসংস্থানের বিষয়টি দ্রুত সমাধানের দাবি জানিয়েছে মঞ্চ।
পাশাপাশি, দাবি পূরণে প্রশাসনের ইতিবাচক পদক্ষেপ না মিললে আগামী দিনে আরও বৃহত্তর গণআন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দিয়েছে ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’। এই কর্মসূচিতে প্রতিটি জেলা থেকেই বৃহত্তর জমায়েতের ডাক দেওয়া হয়েছে।
Kolkata,West Bengal
Jun 24, 2026 11:54 AM IST
