Last Updated:
Student Death: বাগুইআটির স্কুলে টিফিন খেতে গিয়ে দশম শ্রেণির ছাত্রের মৃত্যুর অভিযোগ, তদন্তে পুলিশ।
কলকাতা: বাগুইআটি দেশবন্ধুনগরের হিন্দু বিদ্যাপীঠ স্কুলে দশম শ্রেণীর ছাত্রের টিফিন খেতে গিয়ে গলায় আটকে মৃত্যুর অভিযোগ। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনার তদন্ত শুরু করেছে বাগুইআটি থানার পুলিশ। মৃত ছাত্রের নাম মোঃ রোহন। কী কারণে মৃত্যু পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। স্কুলের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।।
প্রথমে স্কুল কর্তৃপক্ষ ছাত্রের পরিবারকে জানিয়েছিল ওই ছাত্র পড়ে গিয়েছে। পরবর্তী ক্ষেত্রে জানা যায় টিফিন খেতে গিয়ে গলায় আটকে গিয়েছে বলে স্কুল কর্তৃপক্ষ মারফত খবর। যদিও গোটা ঘটনা তদন্ত করে খতিয়ে দেখছে পুলিশ।
কথা বলার মতো পরিস্থিতিতে নেই মৃত ছাত্রের বাবা-মা। তার মধ্যেও বাবা বললেন, ‘স্কুল ভাল, স্কুলের বিরুদ্ধে সত্যিই আমার কোনও অভিযোগ নেই। কিন্তু আমাকে আগের সপ্তাহে গার্ডিয়ানস্ মিটিংয়ে ডেকেছিল। তখনই বলেছিলাম, ওদের ক্লাসের কয়েকজন ছেলে মারধর করে। আমার ছেলে যদি দুষ্টু হত, বলতাম। আপনারা তো জানেন কারা করছে!’
কিছুদিন আগেই কলকাতার বাঁশদ্রোণীর একটি স্কুলে ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। গত ১৩ মে বাঁশদ্রোণী মহাঋষি বিদ্যামন্দিরে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তৃতীয় শ্রেণীর ছাত্র আয়ূষ কুমার নাথ। এগারো দিন কোমায় থাকার পর গত ২৪ মে মৃত্যু হয় তৃতীয় শ্রেণীর ওই ছাত্রের। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, ওই ছাত্র অসুস্থতার কথা জানালেও স্কুল কর্তৃপক্ষ কোনও রকম ব্যবস্থা নেয়নি। উল্টে ষষ্ঠ পিরিয়ড পর্যন্ত তাকে শেষ বেঞ্চে বসিয়ে রাখা হয়। এরপর স্কুল থেকে বেরনোর সময় সিঁড়ি দিয়ে পড়ে মাথায় চোট পায় আয়ূষ।
অনুপ চক্রবর্তী
Kolkata,West Bengal
