Last Updated:
Sudip Banerjee to Narendra Modi: কাকলি ঘোষ দস্তিদারের তৃণমূলে বিদ্রোহ করে নাম না জানা দল এনসিপিআই-তে যোগ দিয়েছেন৷ পাশাপাশি, স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে এনডিএ-কে সমর্থন জানানোর কথাও জানিয়েছিলেন তাঁরা৷ তারপরেই আজ, রবিবার সংসদের বাদল অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠকে ডাক পায় এনসিপিআই৷ সেই বৈঠকে এনসিপিআই-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন দুই সিনিয়র সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কাকলি ঘোষ দস্তিদার৷
নয়াদিল্লি: সোমবার থেকে সংসদে শুরু হচ্ছে বাদল অধিবেশন৷ এই অধিবেশনে, ডিলিমিটেশন, মহিলা আসন সংরক্ষণ বিল সহ একাধিক গুরুত্বপূর্ণ বিল আনার সম্ভাবনা রয়েছে কেন্দ্রীয় শাসকগোষ্ঠী এনডিএ-র তরফে৷ তার আগেই তাই সাংসদ সংখ্যার অঙ্কের হিসাব কষা চলছে৷ তণমূলের বিদ্রোহী শিবিরের ২০ সাংসদ ইতিমধ্যেই এনসিপিআই-তে যোগ দিয়ে এনডিএ-র প্রতি তাঁদের সমর্থনের কথা জানিয়েছেন অধ্যক্ষ ওম বিড়লাকে৷ অধ্যক্ষ এবিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও রবিবারের সর্বদলীয় বৈঠকে ডাক পেয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় কাকলি ঘোষ দস্তিদারেরা৷ এদিন বৈঠক শেষে বেরিয়ে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক প্রসঙ্গেও মন্তব্য করেন সুদীপ৷
এনসিপিআই-তে সর্বদলীয় বৈঠকে আমন্ত্রণ জানানোয় এদিন এনেক্স বিল্ডিংয়ে সর্ব দলীয় বৈঠক শুরুর কয়েক মিনিটের মধ্যেই প্রতীকী ‘ওয়াক আউট’ করেন বিরোধী সাংসদেরা৷ তবে ৯০ মিনিট পরে অবশ্য তাঁরা ফের বৈঠকে ফেরত আসেন৷
এদিন বৈঠক শেষে বেরিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ওঁরা তো পুরো বয়কট করবে ভেবেছিলাম, কিন্তু দেখলাম ৯০ মিনিট পরেই ফিরে এল। আমরা কিরেন রিজিজুর ডাকে গিয়েছিলাম বৈঠকে৷’’ তিনি বলেন, ‘‘বিরোধীদের বিক্ষোভ প্রসঙ্গে: আমাদের সংসদ বিষয়ক মন্ত্রী বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন তাই আমরা এসেছি। আমি সংসদীয় দলনেতা হিসেবে সব থেকে বেশি বার এই বৈঠকে যোগদান করেছি। আজ পর্যন্ত সর্বদলীয় বৈঠকে ওয়াক আউট করতে দেখিনি। আজ সরকার পক্ষে এলেও বিরোধীদের যাতে বলার সুযোগ দেওয়া হয় সেই আবেদন আমি করেছি।’’
শনিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরসঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘প্রধানমন্ত্রী অত্যন্ত আনন্দিত, আহ্লাদিত। এনডিএ শরিক হিসেবে যাতে এনসিপিআই যথাযথ মর্যাদা পায় সেটা দেখবেন বলে জানিয়েছেন মোদি। বিল পাশের পর ভুলে যাবেন না বলেছি মোদিকে। উনি বলেছেন সেটা কখনই হবে না।’’ আজ বিকেল ৪ টেয় সংবিধান সদনে এনসিপিআইয়ের ২০ সাংসদের বৈঠক ডাকা হয়েছে। অধিবেশনে পার্টির ভূমিকা কী হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন সাংসদরা।
এদিন সর্বদলীয় বৈঠক শেষে বেরিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলেন, ‘‘এদিন সমস্ত বিরোধী দল সর্বদলীয় বৈঠক থেকে কয়েক মিনিটের জন্য প্রতীকী ওয়াক আউট করেন৷ স্পিকারের মান্যতা দেওয়ার আগে কী ভাবে মোদি সরকার ‘গদ্দার’ ২০ সাংসদের ‘পার্কিং প্লেস’ এনসিপিআই-কে সর্বদলীয় বৈঠকে ডাকতে পারে? তার বিরুদ্ধেই ছিল আমাদের এই প্রতিবাদ৷’’
