Last Updated:
Suvendu Adhikari: শুভেন্দুর আশ্বাস, ‘‘গুন্ডা দমন আইন হয়েছে এরাজ্যে । যারা বারবার আপনাদেরকে বলতো শিল্প বন্ধ করবে ব্যবসা করতে দেবেনা সেসব বন্ধ। এক কোটির প্রপারটি ধ্বংস করবে ৩ কোটির প্রপার্টির টাকা তাদের থেকে উসুল করা হবে। বিধানসভায় সেই আইন পাস হয়েছে। ইউসিসি আইন বিল আনা হচ্ছে পাশ হবে। দুটো আইন থাকবে না দেশে। এক দেশ এক নিশান এক বিধান।’’
কলকাতা: রাজ্যে বিনিয়োগ আনতে তৎপর বর্তমান বিজেপি সরকার৷ এ বিষয়ে একাধিক শিল্পোদ্যোগীর সঙ্গে সাক্ষাৎ করতে দেখা গিয়েছে তাঁকে ইতিমধ্যেই৷ বারবার তিনি বার্তা দিয়েছেন, কোনও ‘নাম কা ওয়াস্তে’ বাণিজ্য সম্মেলন নয়, তাঁর সরকার বিনিয়োগ আনতে এবং কর্মসংস্থানের ক্ষেত্র প্রস্তুত করতে সব রকমের পদক্ষেপ গ্রহণ করবে৷ এদিন ধনধন্য স্টেডিয়ামে আয়োজিত আলিপুর নাগরিক সমিতির অভিনন্দন সমারোহে ফের রাজ্যের শিল্প ও কর্মসংস্থান নিয়ে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷
এদিনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘‘রাজ্যকে দাঁড় করাতে হবে। গত বেশ কিছু বছরে শুধুমাত্র পার্টি অফিস বানিয়েছে গোটা রাজ্যজুড়ে। আর যত শিল্প এসেছে সবগুলোকে বন্ধ করেছে। আর গত ১৫ বছরে তৃণমূল কংগ্রেস সরকার শুধুমাত্র তুষ্টিকরণের রাজনীতি করেছে। আগের মুখ্যমন্ত্রী বলতেন আমি সব জানি। কিন্তু আমি বলি, আমি কিছুটা জানি অনেক জানি না জানতে হবে এটাই পার্থক্য।’’
রাজ্যে বিনিয়োগ টানতে প্রতিবছর বাণিজ্য সম্মেলন করতেন পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এমনকি, বিদেশেও যেতেন৷ শনিবার ধনধান্য স্টেডিয়ামের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অভিযোগ করেন,‘‘বিজিবিএস এর ফাইল আমি পড়েছি এত মিথ্যা একজন সরকার বলতে পারে সেটা না দেখলে জানতে পারতাম না। তিন চার বছর বিজেপিএস করার জন্য কয়েক কোটি টাকা নষ্ট করা হয়েছে। আমি এটা হাতে নথি তথ্য নিয়ে কথা বলছি। আমি ঠিক সময় ঠিক তথ্য প্রকাশে আনব।’’
তাঁর অভিযোগ, ‘‘একটা ইভেন্ট ম্যানেজমেন্ট রয়েছে গত মুখ্যমন্ত্রীর কাছে, আমি তার নাম নেব না, তাহলে সে হিরো হয়ে যাবে। তাকে দিয়ে দিয়েছে। ২০১২ থেকে বিজিবিএস হয়েছে ৬ বা ৭ বার। ৬০০ কোটি টাকার বেশি খরচ হয়েছে। কিছু শিল্প হয়েছে তবে সেটার জমি প্রদান করা হয়েছে সিপিএমের আমলে। ’’
এরপরেই শিল্প, বিনিয়োগ এবং কর্ম সংস্থান নিয়ে বর্তমান বিজেপি সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানান মুখ্যমন্ত্রী৷ বলেন, ‘‘এখানে শিল্পের প্রয়োজন রয়েছে শিল্পের বিকাশ দরকার আসুন প্রপোজাল নিয়ে আসুন দফতরে আসুন সচিবের সঙ্গে কথা বলুন শিল্প মন্ত্রী সঙ্গে যোগাযোগ করুন। প্রপোজাল নিয়ে আসুন। জমি আপনার হাতে রয়েছে নাকি প্রয়োজন রয়েছে সেটা আমার কাছে এরিয়া ভিত্তিক পরিদর্শন করে আসুন আমার কাছে। সমাধান করব আমরা।’’
শিল্পের পাশাপাশি কর্মসংস্থান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, ‘‘আমরা তিন ভাবে এ রাজ্যে নিয়োগ করব। প্রথম সরকারিভাবে যেখানে কোনও থার্ড পার্সন থাকবে না। দ্বিতীয়টা ব্যাংকারদের হাত ধরে যাঁরা ভোকেশনাল কোর্স করেছেন বা এই ধরনের তাঁদের সঙ্গে আলোচনা মারফত হবে নিয়োগ। তৃতীয় ইনভেস্টমেন্ট ইন্ডাস্ট্রি। ছোট-বড় মাঝারি বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের মাধ্যমে হবে রোজগারের মাধ্যম। ধীরে ধীরে হলেও আমরা শিল্পের বিকাশ ঘটাব, বিস্তার ঘটাব রাজ্যে।’’
শুভেন্দু জানান, সরকারি হাসপাতালকে আরও উন্নত করতে, আরও বেশি চিকিৎসক এবং নার্স নিয়োগ হবে। তিনি বলেন, ‘‘আদানি আমাদেরকে কথা দিয়েছে ২০০০ বেডের হাসপাতাল তারা বানিয়ে দেবে নিউ টাউন এলাকায়। এক হাজার আমাদেরকে দেবে বাকি এক হাজার তারা ব্যবহার করবে ব্যবসায়িক ভিত্তিতে। সব মিলিয়ে গরিব কৃষকদের জন্য মা-বোনেদের জন্য অন্নপূর্ণা দুজনের মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে কাজ শুরু হয়েছে আগামী দিন আরও বেশি হবে।’’
Jul 04, 2026 11:14 PM IST
