Last Updated:
এ দিন এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইঙ্গিতপূর্ণ ভাবে বলেন, ‘এর পর দেখুন না কী হয়৷’
দিল্লিতে বঙ্গ ভবনে এ দিন দুপুরেই তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দেওয়া ২০ জন সাংসদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ সূত্রের খবর সেই বৈঠকেই আলাদা করে ৫ জন সাংসদের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী৷
জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী যে ৫ জন সাংসদের সঙ্গে আলাদা করে কথা বলেছেন তাঁরা হলেন কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, শর্মিলা সরকার, জগদীপ বসুনিয়া এবং জুন মালিয়া৷
তবে কী নিয়ে মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গে আলাদা করে কথা বললেন, তা নিয়ে এই ৫ সাংসদের কেউই মুখ খোলেননি৷
এ দিন দুপুরে দিল্লির বঙ্গ ভবনে যে বৈঠক হয়েছে, সেখানে মূলত এনসিপিআই সাংসদরা নিজেদের এলাকার সমস্যার কথাই মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন৷ ঘর ছাড়া কর্মীদের ঘরে ফেরানো, এলাকায় কাজ করতে গিয়ে প্রশাসনিক সহযোগিতা চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে দরবার করেছেন এনসিপিআই সাংসদরা৷ শুধু তাই নয়, বেশ কয়েকজন সাংসদ লিখিত ভাবে নিজেদের এলাকার সমস্যার কথা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন৷ জানা গিয়েছে, অধিকাংশ ক্ষেত্রেই মুখ্যমন্ত্রী এনসিপিআই সাংসদদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন৷ ঘরছাড়াদের ঘরে ফেরাতেও পদক্ষেপের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷
এ দিন সকালে এনডিএ-এর বৈঠকে যোগ দেননি মুর্শিদাবাদ থেকে নির্বাচিত তিন সাংসদ আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান৷ যদিও দুপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে হাজির ছিলেন ওই তিন জন সাংসদই৷ মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান স্পষ্ট জানান, তাঁরা এনডিএ-তেও নেই, বিজেপি-র সঙ্গেও নেই৷
এ দিনের বৈঠকের শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ‘আজকে এনসিপিআই সাংসদদের সঙ্গে বঙ্গভবনে মধ্যাহ্নভোজ করলাম৷ নিজেদের বেশ কিছু সমস্যার কথা তাঁরা আমাকে জানাতে চেয়েছিলেন, সেগুলি শুনলাম৷ সাংসদ তহবিলের টাকা খরচ নিয়েও কথা হয়েছে৷’
Kolkata,West Bengal
