Last Updated:
Suvendu Adhikari and Yusuf Pathan: শুভেন্দু অধিকারীর আশ্বাস দিয়েছেন সাংসদরা যে সমস্যাগুলি বলেছেন তাঁর সমাধান করা হবে৷ সেখানেই বহরমপুরের সাংসদ নিজের বড় সমস্যার কথা তুলে ধরলেন৷
নয়াদিল্লি: বাংলায় তৃণমূল জমানার পতন ও পালাবদলের পর থেকে রাজ্যে রাজনৈতিক সমীকরণ অনেকটাই বদলেছে৷ একসময়ের বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান এখন এনসিপিআই সাংসদ৷ মঙ্গলবার দিল্লিতে প্রায় এক ঘণ্টা এনসিপিআই-এ যোগ দেওয়া ২০ জন বিক্ষুব্ধ তৃণমূল সাংসদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ সূত্রের খবর, বৈঠকে এনসিপিআই-এ যোগ দেওয়া সাংসদদের সহযোগিতার একাধিক প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান ২৭ লক্ষ অ্যাডজুডিকেশনের বিষয়টি আজকের বৈঠকে শুভেন্দু অধিকারীকে জানিয়েছেন । শুভেন্দু আশ্বাস দিয়েছেন, যাঁরা আবেদন করেছেন, তাঁদের আবেদন বিবেচনা করা হবে৷ সকালে এনডিএ-এর বৈঠকে যোগ দেননি মুর্শিদাবাদ থেকে নির্বাচিত তিন সাংসদ আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান৷ যদিও দুপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে হাজির ছিলেন ওই তিন জন সাংসদ৷

দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক এনসিপিআই সাংসদদের
এদিনের সূত্রের খবর, এ দিনের বৈঠকে এনসিপিআই-এ যোগ দেওয়া ২০ জন সাংসদই হাজির ছিলেন৷ এর পাশাপাশি তৃণমূল ছেডে় বিজেপি-তে যোগ দেওয়া রাজ্যসভার তিন সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় এবং প্রকাশ চিক বরাইকও বৈঠকে হাজির ছিলেন৷ বৈঠকে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেও৷
জানা গিয়েছে, বৈঠকে একাধিক সাংসদ নিজেদের এলাকা নিয়ে বেশ কিছু প্রস্তাব মুখ্যমন্ত্রীর কাছে লিখিত আকারে জমা দিয়েছেন৷ আবার অনেক এলাকায় সাংসদ ঘনিষ্ঠ কর্মী, সমর্থকরা বিধানসভা ভোটের পর এলাকায় ঢুকতে পারছেন না বলেও মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছেন বৈঠকে উপস্থিত এনসিপিআই সাংসদরা৷
সূত্রের খবর, বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রত্যেক সাংসদ পিছু ৫ হাজার করে অন্নপূর্ণা ভাণ্ডারের সুপারিশ করার সুযোগ দেওয়া হবে৷ পাশাপাশি এনসিপিআই-এ যোগ দেওয়া সাংসদ বাপি হালদার জানিয়েছেন, ঘরছাড়া কর্মীদের ঘরে ফেরাতে দ্রুত প্রশাসনিক পদক্ষেপের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ বৈঠকে হাজির মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া জানিয়েছেন, এনসিপিআই সাংসদদের এলাকায় কাজ করতে গিয়ে যাতে কোনওরকম প্রশাসনিক সমস্যার সম্মুখীন হতে না হয়, সেই বিষয়টিও নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷
Kolkata,West Bengal
