Last Updated:
Suvendu Adhikari: মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার লালবাজারে গিয়ে কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন শুভেন্দু অধিকারী। আইনশৃঙ্খলা, পুলিশ আধুনিকীকরণ, অসম্পূর্ণ প্রকল্প ও নতুন নিয়োগ নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।
কলকাতাঃ মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। সূত্রের খবর, শহরের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের পরিকাঠামো এবং প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে।
লালবাজার সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুলিশের একাধিক উন্নয়নমূলক কাজ এখনও অসম্পূর্ণ অবস্থায় রয়েছে। সেই কাজগুলি দ্রুত শেষ করার বিষয়ে নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি পুলিশ আধুনিকীকরণে কী কী ঘাটতি রয়েছে, কোন কোন ক্ষেত্রে আরও উন্নতির প্রয়োজন, তা নিয়েও উচ্চপদস্থ আধিকারিকদের কাছ থেকে রিপোর্ট নিতে পারেন তিনি।
এছাড়াও কলকাতা পুলিশে নতুন নিয়োগ, কর্মীসংখ্যা বৃদ্ধি এবং প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারীর এই প্রথম লালবাজার সফর ঘিরে প্রশাসনিক মহলে যথেষ্ট গুরুত্ব তৈরি হয়েছে।
উল্লেখ্য, রাজ্যে ক্ষমতায় এসে প্রশাসনিক স্তরে একাধিক পরিবর্তনের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার কল্যাণীতে প্রশাসনিক বৈঠকে তিনি বলেন, স্কুলের পড়াশোনায় যাতে ব্যাঘাত না ঘটে, সেই কারণে বিধায়ক ও সাংসদদের মুখ্য অতিথি করে অনুষ্ঠান করার পরিকল্পনা নেওয়া হবে। ২১ জুন বিশ্ব যোগ দিবসকে উৎসবের আকারে পালনের কথাও জানান তিনি। পুলিশ, স্কুল, এমসিসি এবং এনজিওগুলিকে নিয়ে বড় আয়োজনের ইঙ্গিত দেন শুভেন্দু।
তৃণমূল আমলে চালু হওয়া বহুল আলোচিত জনসংযোগ কর্মসূচি ‘মুখ্যমন্ত্রীকে বলুন’-এর অবসান ঘটিয়ে নতুন উদ্যোগ আনছে রাজ্যের নতুন সরকার। সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার কথা সরাসরি শোনার উদ্দেশ্যে এবার শুরু হতে চলেছে নতুন কর্মসূচি— ‘আপনার সরকারকে বলুন’। আগামী সপ্তাহ থেকেই নবান্নের পক্ষ থেকে এই পরিষেবা চালু করা হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
Kolkata,West Bengal
