Last Updated:
তৃণমূলের ২০ জন বিদ্রোহী সাংসদ লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়ে এনডিএ-এর শরিক হওয়ার আবেদন জানিয়েছেন৷
তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের বাড়ি থেকে বেরনোর সময় তাৎপর্যপূর্ণ ভাবে ভিক্ট্রি সাইন দেখালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ এ দিন সন্ধ্যায় শতাব্দী রায়ের বাড়িতে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ সেখানে আগে থেকেই হাজির ছিলেন বেশ কয়েকজন বিদ্রোহী তৃণমূল সাংসদ৷ সূত্রের খবর, সকালের পর সন্ধ্যাতেও শতাব্দী রায়ের বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সঙ্গে আরও একদফা বৈঠক হয় শুভেন্দু অধিকারীর৷ তার পরই ইঙ্গিতপূর্ণ ভাবে গাড়ি থেকে ভিক্ট্রি বা ভি সাইন দেখিয়ে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী৷
কলকাতায় বিধায়কদের পর এবার দিল্লিতে সাংসদদের বিদ্রোহে কার্যত ভেঙে টুকরো টুকরো হয়ে গেল তৃণমূল৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের দলের অস্তিত্বই এখন সঙ্কটে৷ ভোটের ফলপ্রকাশের মাত্র একমাসের মধ্যেই একদিকে তৃণমূল যেমন অস্তিত্ব সঙ্কটে, সেরকমই বিদ্রোহী তৃণমূল বিধায়কদের সমর্থন পেয়ে লোকসভায় একধাক্কায় অনেকটাই শক্তি বৃদ্ধি হল বিজেপি-র নেতৃত্বাধীন এনডিএ-এর৷ শুধুমাত্র এই কারণেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভিক্ট্রি সাইন দেখিয়ে জয়ের ইঙ্গিত করলেন না কি এর আরও কোনও অন্তর্নিহিত অর্থ রয়েছে, তা নিয়েই দিল্লি এবং বঙ্গ রাজনীতিতে নতুন করে জল্পনা ছড়াল৷
গত কয়েক দিন ধরেই তৃণমূলের সংসদীয় দলে ভাঙনের জল্পনা ছড়িয়েছিল৷ ৮ তারিখে দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকের দিনই যে লোকসভার সংখ্যাগরিষ্ঠ তৃণমূল সাংসদ বিদ্রোহ ঘোষণা করতে পারেন, সেই সম্ভাবনাও ছিল৷ দলের ভাঙন রুখতেই সম্ভবত শেষ চেষ্টা করতে একদিন আগেই গতকাল দিল্লিতে পৌঁছন তৃণমূলনেত্রী৷ তার পরেও দলের ভাঙন আটকাতে পারলেন না তিনি৷
উল্টে তৃণমূলের ২০ জন বিদ্রাোহী সাংসদ আজ লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়ে বিজেপি-র নেতৃত্বাধীন এনডিএ-কে সমর্থনের কথা জানিয়েছেন৷ যা ইন্ডিয়া জোটে থাকা মমতার জন্য আরও বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়াল৷ মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে থাকাকালীন তৃণমূল সাংসদরা শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করছেন, এই ছবিও কয়েকদিন আগে কল্পনাতীত ছিল৷
সূত্রের খবর, তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সংখ্যা আরও বাড়তে পারে৷ তবে দলের চার থেকে পাঁচজন সাংসদকে নিজেদের শিবিরে নিতে নারাজ বিদ্রোহীরাও৷
Kolkata,West Bengal
