Last Updated:
প্রসঙ্গত আগামী সোমবারই বিধানসভায় রাজ্য সরকার অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করতে পারে বলে খবর৷ সেক্ষেত্রে চতুর্থ রাজ্য হিসেবে এই বিল পাশ হতে পারে পশ্চিমবঙ্গে৷
লভ জিহাদ, ল্যান্ড জিহাদ এবং জোর করে ধর্ম পরিবর্তন রুখতে অদূর ভবিষ্যতে রাজ্য সরকার কঠোর আইন আনতে চলেছে৷ শুক্রবার কলকাতায় একটি অনুষ্ঠানে এমনই হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, রাষ্ট্রবিরোধী কোনও কাজ পশ্চিমবঙ্গের মাটিতে বরদাস্ত করা হবে না৷
এ দিন সন্ধ্যায় রবীন্দ্র সদনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী এবং বন্দে মাতরম সৃষ্টির দেড়শো বছর উদযাপন উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী৷ সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমরা প্রথমেই পশ্চিমবঙ্গকে সুরক্ষিত করতে চেয়েছি৷ সীমান্তে বিএসএফ-এর হাতে প্রয়োজনীয় জমি তুলে দেওয়া হচ্ছে৷ যাতে জাতীয় সুরক্ষা যা এতদিন বিপন্ন হচ্ছিল, তা না হয়৷ এই দেশ, এই বঙ্গভূমিকে আমরা যাতে বাঁচাতে পারি৷ দ্বিতীয় কাজ আমরা করেছি সীমান্তবর্তী জেলাগুলিতে হোল্ডিং স্টেশন তৈরি করে যাঁরা ভারতীয়, সনাতন সংস্কৃতি নষ্ট করতে খোলা সীমান্ত দিয়ে রাজ্যে প্রবেশ করে ল্যান্ড, লাভ জিহাদ, ধর্ম পরিবর্তন এবং নানা জেহাদি কাজে যুক্ত হয়ে বাংলা তথা দেশকে দুর্বল করার চেষ্টা করে, তারা যেখান থেকে এসেছিল তাদের সেখানে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি৷
মুখ্যমন্ত্রীর আরও হুঁশিয়ারি, গুন্ডা দমন হবে, গুন্ডাদের সম্পত্তিও বাজেয়াপ্ত করব৷ কোনও রাষ্ট্রবিরোধী কাজ ঋষি অরবিন্দ, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমি, নেতাজি সুভাষ চন্দ্র বসুর কর্মভূমিতে হবে না৷
লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মোদিজি ৩৭০, ৩৫এ করে দিয়েছেন, পশ্চিমবঙ্গেও আপনাদের সরকার আগামী দিনে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করবে৷ ল্যান্ড জিহাদ, লভ জিহাদ এবং বলপূর্বক ধর্ম পরিবর্তনের বিরুদ্ধে এই সরকার কঠোর এবং কঠিন আইন আনবে৷
আগামী সোমবার বিধানসভায় ইউসিসি (অভিন্ন দেওয়ানি বিধি) বিল পেশ হওয়ার কথা৷ অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হলে বিয়ে, বিবাহবিচ্ছেদ এবং সম্পত্তির উত্তরাধিকারের ক্ষেত্রে জাতি, ধর্ম নির্বিশেষে সব নাগরিকের ক্ষেত্রে একই আইন প্রযোজ্য হবে৷
Kolkata,West Bengal
