Last Updated:
বাংলার অতি জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী স্বাগত দে৷ তাঁর বহু গান খুবই হিট৷ এর পাশাপাশি তিনি রবীন্দ্রসঙ্গীত ও আধুনিক গানেও পারদর্শী ছিলেন৷
উত্তর ২৪ পরগনা: প্রয়াত লোকসঙ্গীত শিল্পী স্বাগত দে, শোকস্তব্ধ বাংলা সঙ্গীতজগৎ। এই খবরেই বাংলা লোকসঙ্গীতের জগতে নেমে এল শোকের ছায়া। প্রয়াত হলেন বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী স্বাগত দে। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গিয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত (বারাসাত মেগা সিটি) হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
স্বাগত দে দীর্ঘ কয়েক দশক ধরে বাংলা লোকসঙ্গীতকে জনপ্রিয় করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ভাওয়াইয়া, ভাটিয়ালি, বাউল, ঝুমুরের পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত ও আধুনিক গানেও তিনি সমান দক্ষতার পরিচয় দিয়েছিলেন ৷ আকাশবাণী ও দূরদর্শনের স্বীকৃত শিল্পী হিসেবে দেশ-বিদেশের বিভিন্ন মঞ্চে বাংলা সংগীত পরিবেশন করে তিনি বিশেষ প্রশংসা অর্জন করেন।
তাঁর কণ্ঠে গাওয়া ‘সোনা বন্ধু রে’, ‘ময়না ছলাৎ ছলাৎ’, ‘মহুত বন্ধু রে’, ‘ঢলেশ্বরী নদী রে’, ‘ও কি ও বন্ধু কাজল ভ্রমরা’, ‘ডুব ডুব ডুব’ এবং ‘চল রে বউ ঘরে’-সহ একাধিক গান আজও সঙ্গীতপ্রেমীদের কাছে সমান জনপ্রিয়। লোকসঙ্গীতের সহজ-সরল আবেগ ও গ্রামবাংলার সংস্কৃতিকে তিনি নিজের স্বতন্ত্র গায়কির মাধ্যমে নতুন প্রজন্মের কাছেও পৌঁছে দিয়েছিলেন।
স্বাগত দে-র মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই বাংলা সঙ্গীতজগতে শোকের আবহ তৈরি হয়। সহশিল্পী, সংস্কৃতিকর্মী এবং অসংখ্য অনুরাগী সমাজমাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। অনেকেই তাঁর দীর্ঘ সঙ্গীত জীবনের নানা স্মৃতি তুলে ধরে শোকবার্তা প্রকাশ করেছেন। সঙ্গীত মহলের মতে, বাংলা লোকঐতিহ্যকে সংরক্ষণ ও জনপ্রিয় করার ক্ষেত্রে স্বাগত দে-র অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তাঁর প্রয়াণে বাংলা লোকসঙ্গীতের জগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হল।
রুদ্র নারায়ন রায়
North Twenty Four Parganas,West Bengal
Aug 06, 2026 12:13 PM IST
