Last Updated:
২০২৪ সালের লোকসভা ভোটে তামিলনাড়ুতে নিরঙ্কুশ জয় পেয়েছিল বিরোধী জোট ‘ইন্ডিয়া’। একপেশে লড়াইয়ে সে রাজ্যের ৩৯টি লোকসভার আসনের মধ্যে সবক’টিতেই জিতেছিল তারা।
তামিলনাড়ু: বিধানসভা নির্বাচনে চমকপ্রদ ফল তামিলনাড়ুতে। দ্রাবিড় রাজনীতিতে সাত দশকের ডিএমকে-এডিএমকে সমীকরণ ভেঙেচুরে দিয়ে প্রথম স্থান পেয়েছে সুপারস্টার থলপতি বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)। সরকার গঠনের ম্যাজিক ফিগার ছুঁতে না পারলেও একক বৃহত্তম দল হিসেবে বিজয়ের দল এখন রাজ্যের ক্ষমতায় বসার দোরগোড়ায়। এহেন পরিস্থিতিতে সরকার গড়ার প্রয়োজনীয় সমর্থন চেয়ে বিজয় কংগ্রেস দলের দ্বারস্থ হয়েছেন, মঙ্গলবার এমনটাই জানিয়েছেন কে সি বেণুগোপাল।
বিধানসভা নির্বাচনে TVK ১০৮টি আসন জিতে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে। তবে সরকার গঠনের জন্য যে সংখ্যাগরিষ্ঠতা দরকার, তার থেকে ১০ টি আসন তাদের কম। অন্যদিকে, কংগ্রেস ৫টি আসন পেয়েছে, কিন্তু তারা বিজয়ের দলকে সমর্থন দেবে কি না, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
সংবাদ মাধ্যমে কংগ্রেস সাংসদ বেণুগোপাল জানান, “TVK-র সভাপতি থিরু বিজয় তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য কংগ্রেসের কাছে সমর্থন চেয়েছেন।” তিনি আরও বলেন, “কংগ্রেস স্পষ্ট যে তামিলনাড়ুর মানুষ একটি ধর্মনিরপেক্ষ সরকার চায়, যা সংবিধানকে সম্পূর্ণভাবে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। কংগ্রেস দৃঢ়প্রতিজ্ঞ যে কোনওভাবেই বিজেপি বা তাদের সহযোগীরা তামিলনাড়ুর সরকার পরিচালনা করবে না। সেই অনুযায়ী, কংগ্রেস নেতৃত্ব তামিলনাড়ু প্রদেশ কংগ্রেস কমিটিকে (TNCC) নির্দেশ দিয়েছে, নির্বাচনের ফলাফলে রাজ্যের মানুষের মতামত মাথায় রেখে থিরু বিজয়ের অনুরোধ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে।”
মোট ২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৮টি আসন। কিন্তু কোনও দল বা জোটই তা পায়নি। চিত্রতারকা বিজয়ের টিভিকে ১০৭টিতে জিতে একক বৃহত্তম দল হয়েছে। ডিএমকে-কংগ্রেস-বাম জোট ৭৪ এবং এডিএমকে বিজেপি জোট ৫৩টি জিতেছে।উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে মুখ্যমন্ত্রী তথা ডিএমকে নেতা এমকে স্ট্যালিন কোলাথুরে পরাস্ত হয়েছেন টিভিকে প্রতিদ্বন্দ্বীর কাছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রার্থী ও পন্নীরসেলভম বোডিনায়াকানুরে জিতেছেন। এডিএমকে প্রধান ইকে পলানীস্বামী এডাপ্পাডি আসনে জয়ী হয়েছেন। চিত্রতারকা তথা টিভিকে প্রধান ‘থলপতি’ বিজয় পেরাম্বুর এবং তিরুচিরাপল্লি পূর্ব বিধানসভা আসনে লড়ে দু’টিতেই জিতেছেন।
Kolkata,West Bengal
May 05, 2026 10:47 PM IST
