Last Updated:
তারাতলায় ৭২ ঘণ্টার উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করবে কলকাতা পুরসভা, এরপর ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করবে সিট।
কলকাতাঃ তারাতলায় ৭২ ঘণ্টার উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। এরপর ঘটনাস্থল থেকে সব সরানোর দায়িত্ব কলকাতা পুরসভার। তবে, এখনও পুরসভা কাজ শুরু করেনি। রবিবার হওয়ার জন্য আপাতত আজ কাজ হবে না। ধ্বংসস্তূপ সরানোর পর নমুনা সংগ্রহ করবে সিট।
তারাতলায় গোডাউন ভেঙে পড়ার ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ ঘটনার তদন্তে ইতিমধ্যেই গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দল (SIT)৷ তদন্তে নেমে তারাতলা বিপর্যয়ের নেপথ্যে পুরসভার একাধিক অফিসারের ‘চোখ বন্ধ’ করে থাকাও সমান ভাবে দায়ি মনে করছেন সিটের কর্তারা৷
নিয়ম বলছে, প্ল্যানের নকশা জমা পড়া থেকে অনুমোদন এবং অনুমোদন পাওয়ার পর নির্মাণ কাজ চলাকালীন একাধিক বার পুরসভার তরফে নজরদারি চালানো হয়ে থাকে। যা তারাতলার এই নির্মাণে হয়নি বলেই সূত্রের খবর৷ ওয়ার্ডের সাব এঞ্জিনিয়ার থেকে বোরো অফিসের অ্যাসিস্ট্যান্ট এঞ্জিনিয়ার হয়ে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, যাঁদের নজরদারি থাকার কথা ছিল নির্মাণে। যা হয়নি বলেই তথ্য উঠে এসেছে৷ এমনকি পুরসভার সদর দফতরের বিল্ডিং বিভাগের আধিকারিক থেকে ইঞ্জিনিয়ার, তাঁরাও এড়িয়ে গেছেন তাঁদের কর্তব্য৷ পুলিশের দাবি, কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের প্রভাব ও মোটা অঙ্কের টাকার লেনদেনের কারণেই বিধির তোয়াক্কা না করেই চলেছে নির্মাণ!
কে এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়? তিনি কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি। অতীতেও তাঁকে ঘিরে তৃণমূলের অন্দরে তীব্র বিতর্ক ও টানাপোড়েনের সৃষ্টি হয়েছিল। ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর, ফিরহাদ হাকিমের তৎকালীন ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরের এক কর্মী। অভিযোগ ছিল, কালীচরণ নিজেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে ব্যবসায়ী, সরকারি আধিকারিক এবং সাধারণ মানুষের কাছ থেকে তোলা আদায় করতেন। পাশাপাশি, প্রভাবশালী পরিচয় ব্যবহার করে একাধিক এজেন্টের মাধ্যমে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। অভিযোগপত্রটি দক্ষিণ বিভাগের ডিসির কাছেও পাঠানো হয়েছিল। এবার তারাতলা গুদাম বিপর্যয়ের ঘটনায় গ্রেফতার করা হয় কালীচরণকে।
Kolkata,West Bengal
Jun 28, 2026 10:33 AM IST
