Last Updated:
Mulching Method Tomato Farming: গতে বাঁধা পদ্ধতি ছেড়ে এক বিশেষ পদ্ধতিতে টমেটো চাষ শুরু করেন হেমতাবাদের এক কৃষক। এই পদ্ধতিতে ফলানো ফসলের চাহিদা ও দাম দু’টোই বেশি হওয়ায় আরও অনেক চাষির আগ্রহ বাড়ছে।
হেমতাবাদ, উত্তর দিনাজপুরঃ বাঙালির হেঁশেলে লাল টুকটুকে টমেটোর কদর ব্যাপক। মাছ, মাংসের বহু পদ সহ বিভিন্ন রান্নায় এই সবজি ব্যবহৃত হয়। ফলে প্রায় সারা বছরই বাজারে এর চাহিদা থাকে। এক বিশেষ পদ্ধতিতে এই টমেটো চাষ করেই তাক লাগিয়েছেন হেমতাবাদের এক চাষি।
উত্তর দিনাজপুরের হেমতাবাদের কৃষক রানা মোহন্ত গতে বাঁধা পদ্ধতি ছেড়ে মালচিং পদ্ধতিতে টমেটো চাষ শুরু করেন। জানা যাচ্ছে, এই পদ্ধতির মাধ্যমে যেমন কম খরচে অধিক ফলন সম্ভব, তেমনই এটি জাপান ও চিনের বিষমুক্ত সবজি চাষের একটি পরিবেশবান্ধব পদ্ধতিও।
মালচিং পেপারে সবজি চাষের সুবিধা সম্বন্ধে এক কৃষিবিদ জানান, এইভাবে টমেটো চাষ করা হলে জমিতে প্রায় ১০-২৫ ভাগ অবধি আর্দ্রতা সংরক্ষণ সম্ভব হয়। এই পদ্ধতিতে চাষ করলে প্রচুর ফলন হওয়ার বিষয়ে কোনও সন্দেহ নেই।
একইসঙ্গে তিনি জানান, মালচিং পদ্ধতিতে কৃষিকাজ করলে জমিতে আগাছা হয় না। মালচিং পেপারে কার্বন থাকায় একদিকে যেমন আর্দ্রতা ধরে রাখে, তেমনই সারের গুণাগুণও ঠিক থাকে। ফলে ভাল ফলন মেলে।
সব মিলিয়ে, এই মালচিং পদ্ধতিতে চাষ করার একাধিক সুবিধা রয়েছে। ফলে এই চাষের দিকে বাংলার বহু কৃষকও আস্তে আস্তে ঝুঁকছেন। উৎপাদিত ফসলের চাহিদা এবং দাম বেশি হওয়ায় তাঁদের আগ্রহ ক্রমে বাড়ছে।
Uttar Dinajpur,West Bengal
