Last Updated:
Tripura Innovation Hub: ত্রিপুরায় প্রথম সেন্টার অফ এক্সেলেন্স অ্যান্ড ইনোভেশন হাব গড়তে চুক্তি করল আইআইটি খড়গপুর, ত্রিপুরা সরকার ও সেনরিসা টেকনোলজিস। এআই, মেশিন লার্নিং, স্টার্টআপ ও প্রযুক্তি গবেষণায় জোর দেওয়া হবে এই কেন্দ্রে।
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: উত্তর-পূর্ব ভারতে প্রযুক্তি, গবেষণা এবং উদ্ভাবনের (ইনোভেশন) প্রসারে এক ঐতিহাসিক পদক্ষেপ। ত্রিপুরা রাজ্যে প্রথমবার একটি অত্যাধুনিক ‘সেন্টার অফ এক্সেলেন্স অ্যান্ড ইনোভেশন হাব’ তৈরির লক্ষ্যে হাত মেলাল আইআইটি খড়গপুর, ত্রিপুরা সরকারের তথ্যপ্রযুক্তি দফতর এবং সেনরিসা টেকনোলজিস লিমিটেড। গত ১৫ জুলাই ‘ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ ২০২৬’-এর মঞ্চে এই ত্রিপাক্ষিক মউ (MoU) বা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে সই করেন আইআইটি খড়গপুর-এর ডিরেক্টর অধ্যাপক সুমন চক্রবর্তী, সেনরিসা টেকনোলজিস-এর এমডি ও সিইও কুমার পি. সাহা এবং ত্রিপুরা সরকারের তথ্যপ্রযুক্তি দফতরের ডিরেক্টর জেয়া রাগুল গেশন বি.। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ডঃ ভি. অনন্ত নাগেশ্বরন, ত্রিপুরার মুখ্যসচিব জিতেন্দ্র কুমার সিনহা, শিল্প ও বাণিজ্য দফতরের সচিব কিরণ গিত্যে-সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।
দফতর সূত্রে জানা গিয়েছে, এই হাব মূলত কৃত্রিম মেধা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই), মেশিন লার্নিং এবং ‘ডিপ টেকনোলজি’-র মত আধুনিক ও অগ্রগামী প্রযুক্তির গবেষণা এবং উন্নয়নে জোর দেবে। পাশাপাশি, এই কেন্দ্রটি প্রযুক্তিবিদ্যার পড়ুয়া, গবেষক এবং নতুন উদ্যোগপতিদের (স্টার্টআপ) জন্য একটি সর্বাঙ্গীণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এর ফলে, একদিকে যেমন আধুনিক শিল্পের ক্রমবর্ধমান চাহিদা অনুযায়ী ত্রিপুরা-সহ গোটা উত্তর-পূর্ব ভারতে দক্ষ মানবসম্পদ তৈরি হবে, তেমনই সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা সমাধানে নতুন প্রযুক্তির উদ্ভাবন অনেকটাই সহজ হবে। স্টার্টআপগুলিকে ইনকিউবেশন সাপোর্ট, মেন্টরশিপ এবং কারিগরি দক্ষতা প্রদানেও বিশেষ সাহায্য করবে এই কেন্দ্র।
ত্রিপুরাকে প্রযুক্তি ও জ্ঞান-নির্ভর উন্নয়নের একটি উদীয়মান কেন্দ্র হিসেবে গড়ে তোলার এই উদ্যোগের জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডঃ) মানিক সাহার দূরদর্শিতার ভূয়সী প্রশংসা করেছে আইআইটি খড়গপুর কর্তৃপক্ষ।
Paschim Medinipur,West Bengal
