Last Updated:
কংগ্রেস, তৃণমূল, রাইজোর দল সহ অসমের বিরোধী দলগুলি এই বিলের বিরোধিতা করেছে৷ সবপক্ষকে নিয়ে আরও বিশদে আলোচনার দাবি জানিয়েছে তারা৷
গুয়াহাটি: সোমবারই অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি নিধি বিল পেশ করেছে হিমন্ত বিশ্বশর্মা সরকার৷ প্রস্তাবিত এই বিলেই লিভ ইন সম্পর্ককেও আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসা হয়েছে৷ এই বিলের মাধ্যমে লিভ ইন সম্পর্কে থাকা দু জন সঙ্গীর পাশাপাশি সেই সম্পর্কের জেরে জন্ম নেওয়া শিশুরও স্বার্থ এবং অধিকার সুরক্ষিত করার উপরে জোর দেওয়া হয়েছে৷
ইউসিজি বিল পেশ করে রাজ্যের পরিষদীয় মন্ত্রী অতুল বোরহা জানিয়েছেন, এই আইন কার্যকর হলে লিভ ইন সম্পর্কে যাঁরা থাকবেন, তাঁদের সরকারি ভাবে সেই সম্পর্কের কথা জানিয়ে নাম নথিভুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে৷ একই ভাবে খোরপোষ, উত্তরাধিকার এবং আইনি অধিকার পাওয়ার জন্য বিয়ে অথবা ডিভোর্স হলেও তা নথিভুক্তি বাধ্যতামূলক করা হয়েছে৷
প্রস্তাবিত বিলে বলা হয়েছে, যাঁরা লিভ ইন সম্পর্কে থাকবেন, তাঁদের লিখিত ভাবে সেকথা জানিয়ে সংশ্লিষ্ট এলাকার সাব রেজিস্ট্রারের কাছে নাম নথিভুক্ত করতে হবে৷
যাঁরা একমাস লিভ ইন সম্পর্কে থাকার পরেও সেই সম্পর্কের কথা নথিভুক্ত করাবেন না, তাঁদের তিন মাস জেল অথবা ১০ হাজার টাকা জরিমানার কথাও বলা হয়েছে প্রস্তাবিত আইনে৷ দায়িত্বপ্রাপ্ত সাব রেজিস্ট্রারদেরও তাঁর এলাকায় যাঁরা লিভ ইন সম্পর্কে রয়েছেন তাঁদের তথ্য জমা রাখতে হবে৷ প্রয়োজনে সেই তথ্য তিনি পুলিশকেও দিতে পারেন৷
প্রস্তাবিত আইনে বলা হয়েছে, বিবাহিত কোনও ব্যক্তি লিভ ইন সম্পর্কে থাকতে বা জড়াতে পারবেন না৷ এ ছাড়াও কোনও নাবালক অথবা নাবালিকারা লিভ ইন সম্পর্কে থাকতে পারবে না, জোর করে লিভ ইন সম্পর্কে সম্মতি আদায় অথবা ধর্মান্তকরণ করা যাবে না বলেও প্রস্তাবিত আইনে স্পষ্ট বলা হয়েছে৷
লিভ ইন সম্পর্কে থাকা দুই সঙ্গীর মধ্যে কারও বয়স যদি ২১ বছরের নীচে হয়, সেক্ষেত্রে লিভ ইন সম্পর্ক শুরুর আগে দু জনেরই অভিভাবকদের তা জানানোও বাধ্যতামূলক করা হয়েছে৷
লিভ ইন সম্পর্কের জেরে জন্ম নেওয়া শিশুকেও বৈধ হিসেবে গণ্য করার কথা বলা হয়েছে প্রস্তাবিত আইনে৷ ওই শিশু ভবিষ্যতে সমস্ত আইনি অধিকার পাবে বলেও জানানো হয়েছে৷
লিভ ইন সম্পর্কে থাকা দুই সঙ্গী পারস্পরিক সম্মতির ভিত্তিতে আলাদা হতেই পারেন৷ কিন্তু যেক্ষেত্রে সেই বিচ্ছেদ সম্মতির ভিত্তি হবে না অথবা বিবাদ সৃষ্টি হবে, সেক্ষেত্রে মহিলা সঙ্গী খোরপোষ এবং আইনি পদক্ষেপ করতে পারবেন৷
Kolkata,West Bengal
