Last Updated:
সঙ্কল্পপত্রে অভিন্ন দেওয়ানি বিধি চালুর জন্য ৬ মাস চেয়েছিল বিজেপি৷ যদিও তার অনেক আগেই সেই প্রতিশ্রুতি পূরণের পথে নতুন রাজ্য সরকার৷
রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতে উদ্যোগী হল শুভেন্দু অধিকারীর সরকার৷ বিধানসভায় পেশ হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি বিল৷ আগামী সোমবার রাজ্য সরকার বিধানসভায় এই বিল পেশ করবে বলে সূত্রের খবর৷
নির্বাচনের আগে বিজেপি-র সঙ্কল্পপত্রেই ক্ষমতায় এলে ৬ মাসের মধ্যে পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল৷ তবে সেই সময়সীমার আগেই রাজ্যে দ্রুত অভিন্ন দেওয়ানি বিধি চালু করার তোড়জোড় শুরু হয়ে গেল৷
বৃহস্পতিবার বিকেলে বিধানসভার বিএ কমিটির বৈঠকেই আগামী সোমবার বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর৷ নীতিগত অবস্থান থেকে বিজেপি মূল যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলি দিয়েছিল, তার মধ্যে অন্যতম ছিল ক্ষমতায় আসার ৬ মাসের মধ্যে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা৷ এমন কি, বিজেপি-র সঙ্কল্পপত্র প্রকাশ অনুষ্ঠানে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও অভিন্ন দেওয়ানি বিধি চালুর উপরে বিশেষ জোর দিয়েছিলেন৷
রাজ্যের এক মন্ত্রীর কথায়, ‘উত্তরাখণ্ড, অসম, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাতের মতো একাধিক রাজ্য অভিন্ন দেওয়ানি বিধি চালুর প্রস্তাবকে কার্যকর করেছে৷ অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলির মতো বাংলাতেও এবার অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হবে৷’
অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হলে বিয়ে, বিবাহবিচ্ছেদ, সম্পত্তির উত্তারাধিকার, দত্তক নেওয়ার মতো বিষয়গুলির ক্ষেত্রে জাতি, ধর্ম নির্বিশেষে সব নাগরকিদের একই আইন মানতে হবে৷ অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার অন্যতম মূল উদ্দেশ্য বহুবিবাহ এবং তিন তালাকের প্রথায় ছেদ টানা৷
রাজ্যে ভোট প্রচারে এসে অমিত শাহ বলেছিলেন, প্রত্যেক ভারতীয় নাগরিকের জন্য একই আইন কার্যকর করাটা তোষণের রাজনীতি? নাকি একজন নাগরিক যেখানে একটিই বিয়ে করতে পারবেন সেখানে অন্য একজনকে চারটি বিয়ের অধিকার দিয়ে রাখাটা তোষণের রাজনীতি? সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি সম্প্রদায়কে বিশেষ সুবিধে দেওয়ার অভিযোগও করেছিলেন অমিত শাহ৷ অতীতে অভিন্ন দেওয়ানি বিধি চালুর প্রস্তাবের বরাবর বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস৷
Kolkata,West Bengal
