একই সঙ্গে অবশ্য কেন্দ্রীয় সরকার জানিয়েছে, শুধুমাত্র মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে ২০০০ টাকার উপরে পেমেন্ট করলে খুবই সামান্য হারে চার্জ লাগু করা হবে৷ সেই চার্জও প্রযোজ্য হবে ব্যবসায়ী বা ব্যসায়িক প্রতিষ্ঠানের উপরেই৷
সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৫ অক্টোবর থেকে নতুন ইউপিআই মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর কার্যকর করা হবে৷ নতুন এমডিআর কাঠামো অনুযায়ী, কোনও ক্রেতা ২০০০ টাকার উপরে পেমেন্ট করলে সংশ্লিষ্ট ব্যবসায়ী বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের উপরে ০.৪ শতাংশ হারে চার্জ লাগু করা হবে৷ তবে প্রত্যেক লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০০ টাকাই চার্জ ধার্য করা হবে৷
রেল, বিমান, টেলিকম পরিষেবা, বিমা, জ্বালানি সংক্রান্ত ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে প্রত্যেক ২০০০ টাকা বা তার অধিক পেমেন্টের ক্ষেত্রে লেনদেন পিছু ৫ টাকা করে চার্জ ধার্য করা হবে বলে জানিয়েছে ন্যাশনাল পেমেন্টেস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআই৷
এনপিসিআই জানিয়েছে, সাধারণ ক্রেতারা যেভাবে বিনামূল্যে ইউপিআই ব্যবহার করছেন, সেভাবেই করার সুযোগ পাবেন৷ পার্সন টু পার্সন ট্রানজ্যাকশন বা ২০০০ টাকা পর্যন্ত পার্সন টু মার্চেন্ট ট্রানজ্যাকশন বিনামূল্যেই করা যাবে৷
উদাহরণ হিসেবে বলা যায়, আপনি যদি কোনও ব্যবসায়ীকে ইউপিআই-এর মাধ্যমে ২০০১ টাকা পেমেন্ট করেন, তাহলে সেই ব্যবসায়ীর থেকে ০.৪ শতাংশ হারে ৮ টাকা কাটা হবে৷ কিন্তু আপনি যদি নিজের কোনও বন্ধুকে ২০০০ টাকার উপরেও পেমেন্ট করেন, সেক্ষেত্রেও কোনও চার্জ কাটা হবে না৷
এনপিসিআই দাবি করেছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মতো অন্যান্য ডিজিটাল পেমেন্ট মাধ্যমে যে হারে চার্জ ধার্য করা হয়, ইউপিআই-এর নতুন চার্জ তার তুলনাতেও কম৷
গত কয়েক সপ্তাহ ধরেই ইউপিআই-এর উপরে সম্ভাব্য চার্জ কোন কোন ক্ষেত্রে বসবে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল৷ যদিও সরকার বার বারই দাবি করেছিল ২০০০ টাকা পর্যন্ত পেমেন্টের ক্ষেত্রে কোনও চার্জই ধার্য করা হবে না৷ এ দিনের বিজ্ঞপ্তিতে যাবতীয় ধোঁয়াশাই কেটে গেল৷
এর পাশাপাশি এনপিসিআই স্পষ্ট করে দিয়েছে, গোটা দেশে ইউপিআই-এর মাধ্যমে যত লেনদেন হয়, তার ৯৫ শতাংশই ২০০০ টাকার নীচে৷ বাকি যে ৫ শতাংশ পেমেন্ট এই নতুন চার্জ-এর আওতায় আসবে তার সুফল হিসেবে সাইবার নিরাপত্তা সহ আরও নানা সুবিধা পাওয়া যাবে৷ লেনদেনের প্রক্রিয়াও মসৃণ হবে৷
অর্থ মন্ত্রক আরও জানিয়েছে, এমডিআর কোনও কর নয়৷ এই টাকা সরকারের ঘরেও যায় না৷ বরং এমডিআর বাবদ যে অর্থ সংগ্রহ করা হয়, সেই টাকা ব্যাঙ্ক, ইউপিআই পরিষেবা প্রদানকারী অ্যাপ সহ এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে বণ্টন করে দেওয়া হবে যাতে এই পরিষেবাকে আরও নিরাপদ এবং পোক্ত করা সম্ভব হয়৷