Last Updated:
West Bengal Assembly Election 2026: গ্রামের ১৬ বছরের মেয়ের মৃত্যুতে শোকের ছায়া, তার উপর মারণ ডায়ারিয়ার মারণ থাবা। এই জোড়া ধাক্কা সামলেও ভোটকেন্দ্রে ভিড় জমিয়েছেন কেতুগ্রামের কাটুন্দী ডাঙ্গা গ্রামের বাসিন্দারা।
কেতুগ্রাম, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: ভয়াবহ ডায়ারিয়ার প্রকোপে গ্রামজুড়ে অসুস্থতার ছায়া, তবুও থেমে নেই গণতন্ত্রের চর্চা। শরীর ভেঙে পড়লেও ভোটাধিকার প্রয়োগে পিছিয়ে পড়তে নারাজ কেতুগ্রামের কাটুন্দী ডাঙ্গা গ্রামের বহু বাসিন্দা। বুধবার সকাল থেকেই দেখা গেল, অসুস্থ শরীর নিয়েই কেউ হেঁটে, কেউ পরিবারের সহায়তায় এসে ভোটকেন্দ্রের লাইনে দাঁড়াচ্ছেন।
গ্রাম দেবীর পুজোর প্রসাদ খাওয়ার পর প্রায় ২০০ জনেরও বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েছেন বলে স্থানীয়দের দাবি। এখনও অনেকেই সম্পূর্ণ সুস্থ নন, কেউ বাড়িতে চিকিৎসাধীন, কেউ আবার হাসপাতালে ভর্তি। এই পরিস্থিতিতেও ভোটের দিন সকাল থেকে বুথের সামনে ভিড় লক্ষ্য করা যায়। স্থানীয় বাসিন্দা প্রদীপ্ত মণ্ডল, যিনি নিজেও অসুস্থ, বলেন, “শরীর খুব খারাপ, মাথা ঘুরছে। তবুও ভোট দিতে এসেছি। গণতান্ত্রিক অধিকারটা তো প্রয়োগ করতেই হবে।”
একদিকে চিকিৎসার অনিশ্চয়তা, অন্যদিকে গ্রামের মেয়েকে হারানোর শোক, এই দুইয়ের মাঝেও গণতান্ত্রিক দায়িত্ব পালনে সচেষ্ট গ্রামবাসীদের এই ছবি যেন এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে। প্রশাসনের তরফে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে, তবে অসুস্থদের জন্য আরও বিশেষ ব্যবস্থা করা দরকার বলেই মনে করছেন স্থানীয়রা। স্বাস্থ্য সঙ্কটের আবহেই কেতুগ্রামে ভোটগ্রহণ চলছে, আর সেই ছবিই তুলে ধরছে প্রতিকূলতার মধ্যেও গণতন্ত্রের প্রতি মানুষের অগাধ আস্থা।
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
Apr 29, 2026 11:00 AM IST
West Bengal Election 2026: গ্রামের মেয়েকে হারিয়ে ভোটের লাইনে ভোটাররা! স্বজন হারানোর শোকের মাঝেই গণতন্ত্রের জয়গান, কেতুগ্রামে অন্য ছবি