Last Updated:
West Medinipur News: একজন যখন গানের তানে সুর তোলেন, অন্যজন তখন তবলার বোলে সেই সুরে ছন্দ মেলান। পেশায় নার্স পশ্চিম মেদিনীপুরের দুই যমজ বোনের পথচলার এক অনন্য গল্প
নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: একসঙ্গে জন্ম, একই সঙ্গে বড় হয়ে ওঠা। এমনকি নার্সিং পড়ার পর এখন কর্মজীবনও কাটছে একই সঙ্গে। তবে তাঁদের পরিচয় কেবল পেশার গণ্ডিতে সীমাবদ্ধ নয়। জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের এক অখ্যাত গ্রাম ইশবপুর থেকে উঠে আসা এই দুই যমজ বোনের গল্প এখন অনেকের মুখেই ফিরছে। সূচনা জানা এবং সমাপ্তি জানা— দুই বোন যেন একে অপরের পরিপূরক। একজন যখন গানের তানে সুর তোলেন, অন্যজন তখন তবলার বোলে সেই সুরে ছন্দ মেলান। দুই বোনের জীবনের শুরুটা হয়েছিল আর পাঁচটা সাধারণ পরিবারের মতোই। বাবা-মা দুজনেই চাকরিজীবী হওয়ায় ছোট থেকেই দুই বোন একে অপরের সবচেয়ে বড় বন্ধু।
বর্তমানে ২৩ বছর বয়স তাঁদের। জিএনএম নার্সিং পড়ার পর এখন দু’জনেই একটি বেসরকারি নার্সিংহোমে কর্মরত। তবে গত কয়েক বছর আগে বাবার মৃত্যু তাঁদের জীবনে এক গভীর শোকের ছায়া ফেলেছিল। বাবার হাত ধরেই গানের জগতে হাতেখড়ি হয়েছিল তাঁদের। সেই প্রিয় মানুষকে হারিয়ে কিছুটা ভেঙে পড়লেও, একে অপরকে সাহস জুগিয়ে ফের তাঁরা ফিরে এসেছেন শিল্পের আঙিনায়। বাবার স্বপ্নকে সার্থক করতেই এখন ফের পুরোদমে শুরু করেছেন গান ও বাজনার চর্চা।
ঘরের কাজের পাশাপাশি যখনই সময় পান, তাঁরা বসে পড়েন নিজেদের শিল্পের পসরা নিয়ে। গ্রামীণ পরিবেশের প্রতিকূলতাকে জয় করে দুই বোনের এই শিল্প প্রতিভা এবং একে অপরের প্রতি অগাধ ভালবাসা দেখে মুগ্ধ এলাকার সাধারণ মানুষ। প্রতিকূল পরিস্থিতিতেও শিল্পকে সঙ্গী করে কীভাবে এগিয়ে যাওয়া যায়, সূচনা ও সমাপ্তি আজ যেন তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত।
Paschim Medinipur,West Bengal