নয়াদিল্লি: ভারতীয় সংগীত জগতে সর্বকালের সর্বসেরাদের প্রসঙ্গ উঠলে সোনু নিগমের (Sonu Nigam) নাম অবশ্যই উঠে আসবে। তাঁর জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সংগীত। এমনকী অস্ত্রোপচারের টেবিলে শুয়েও ডাক্তারদের নিজের মধুর সংগীতে মন মাতালেন সোনু।
সোনু নিগমের রফিপ্রীতি সর্বজনবিদিত। অতীতে তাঁর বহু কনসার্টেও তাঁকে মহম্মদ রফির গান গাইতে শোনা গিয়েছে। অস্ত্রোপচারের জন্য অপারেশন টেবিলে শুয়েও রফির সংগীতেই মন জিতলেন সোনু। নিজের সোশ্যাল মিডিয়ায় সোনু নিগম অস্ত্রোপচারের সময় বেডে শুয়েই ডাক্তারদের জন্য গান গাওয়ার একটি ভিডিও শেয়ার করেন। সেখানে তিনি ১৯৪৯ সালের ‘দুলারি’ সিনেমায় কিংবদন্তি রফির গাওয়া ‘সুহানি রাত ঢল চুকি’ গানটি গান।
আরও পড়ুন:- ‘প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন…’ রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
সেই গান গাওয়ার ভিডিওটি তিনি ডাক্তার নিলেশ সাতভাই এবং তাঁর দলের জন্য গান। সোনু ভিডিওটির ক্যাপশনে লেখেন, ‘আমার অস্ত্রোপচারের সময় ডাক্তার নীলেশ সাতভাই এবং তাঁর সুন্দর দলের জন্য তাৎক্ষণিক একটি পারফরম্যান্স। ব্যথার মধ্যেও গান গাইছি কারণ গানটা হল আনন্দদায়ক।’ অস্ত্রোপচার করতে করতেই সোনু নিগমের খালি গলা গাওয়া গানটিকে ডাক্তাররা যে খুবই উপভোগ করছিলেন, তা তাঁদের হাবভাবই স্পষ্ট করে দেয়।
অস্ত্রোপচারের ব্য়থাও তাঁকে নিজের প্রিয় সংগীতশিল্পীর গান গাওয়া থেকে আটকাতে পারেনি। নিঃসন্দেহেই এই ভিডিওটি সোনু নিগমের নিজের শিল্পকলার প্রতি ভালবাসা এবং সেটা যে কঠিন সময়ে চরম কষ্টে, যন্ত্রণাতেও তাঁর মুক্তির, তাঁর আনন্দের জায়গা, তা প্রমাণ করে দেয়।