কলকাতা: এমন একটা সময় ছিল যখন দেশের সাধারণ মানুষের কাছে ১ কোটি টাকার একটা তহবিল মানে ছিল আর্থিক নিরাপত্তার একটা মাইলফলক। কিন্তু এই আর্থিক নিরাপত্তার যে মাইলফলক, সেটার হিসাব অনেকটাই বদলে দেয় মূল্যবৃদ্ধি। আর সেই কারণেই অবসর পরিকল্পনা বেশ বুদ্ধি করে করতে হয়। ৬০ বছর বয়সে কোনও ব্যক্তি অবসর নিলে বর্তমান পরিস্থিতিতে তিনি আরও ২৫ থেকে ৩০ বছরে অনায়াসে জীবন কাটাতে পারেন। বর্তমানে চিকিৎসা বিজ্ঞান এতই অগ্রগতি লাভ করেছে যে মানুষের গড় আয়ু আগের থেকে অনেক বেড়ে গিয়েছে। ফলে এখন শুধু মাত্র কোটি টাকা নয়। একটা বিরাট তহবিল তৈরি করা আসলেই গুরুত্বপূর্ণ।
ধরা যাক, কোনও ব্যক্তির বর্তমান বয়স ২৭ বছর ও তাঁর স্যালারি মাসে ২০ হাজার টাকা। আজ থেকে ৩৩ বছর পর ওই ব্যক্তি যখন রিটায়ার করবেন তখন এই ২০ হাজারের মূল্য হয়ে দাঁড়াবে ১ লক্ষ টাকার কাছাকাছি। আর অবসরের পর মাসে ১ লক্ষ টাকা আয় করতে হলে বছরে আয় করতে হবে ১২ লক্ষ টাকা। ৪ শতাংশ withdrawal rule অনুযায়ী ১ কোটি টাকার করপাস থেকে বছরে প্রায় ৪ লক্ষ টাকা বা মাসে ৩৩ হাজার টাকা তোলা সম্ভব। ফলে ১ লক্ষ টাকার মাসিক আয়ের লক্ষ্যে ১ কোটি টাকা যথেষ্ট নয়।
৩.৩৩ শতাংশ withdrawal rate ধরে হিসাব করলে বছরে ১২ লক্ষ টাকা তোলার জন্য প্রয়োজন প্রায় ৩.৬ কোটি টাকা। তবে বাস্তবে প্রয়োজনীয় তহবিল নির্ভর করবে অবসরের বয়স, মূল্যবৃদ্ধি, বিনিয়োগের রিটার্ন এবং কত বছর টাকা ব্যবহার করতে হবে তার উপর।
৩.৫ শতাংশ withdrawal rate এবং বিভিন্ন সময়সীমার হিসাব ধরলে ৫৫ বছর বয়সে অবসরের জন্য প্রয়োজন হতে পারে প্রায় ৫ কোটি ৮০ লক্ষ টাকা থেকে ৭ কোটি ২০ লক্ষ টাকা। ৬০ বছর বয়সে তা প্রায় ৪ কোটি ৩০ লক্ষ টাকা ৫ কোটি ৪০ লক্ষ টাকা এবং ৬৫ বছর বয়সে প্রায় ৩ কোটি ২০ লক্ষ টাকা থেকে ৪ কোটি টাকা হতে পারে।
এই তহবিল তৈরিতে দীর্ঘমেয়াদি SIP গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। উদাহরণ হিসেবে, ৩০ বছর ধরে প্রতি মাসে ১০ হাজার ৫০০ টাকা SIP এবং গড় ১২ শতাংশ বার্ষিক রিটার্ন ধরে নিলে মোট বিনিয়োগ হবে ৩৭ লক্ষ ৮০ হাজার টাকা। সম্ভাব্য রিটার্ন প্রায় ৩ কোটি ২৯ লক্ষ টাকা মিলিয়ে মোট তহবিল হতে পারে প্রায় ৩ কোটি ৬৬ লক্ষ টাকা।
তবে মিউচুয়াল ফান্ডের রিটার্ন নিশ্চিত নয় এবং বাজারের ওঠানামা থাকবেই। তাই অবসরের পরিকল্পনায় যত তাড়াতাড়ি শুরু করা যায়, তত বেশি সময় পাওয়া যায় compounding-এর সুবিধা নেওয়ার। আয় বাড়ার সঙ্গে SIP-এর পরিমাণ বাড়ালে আরও বড় করপাস তৈরির সুযোগ থাকে।