কলকাতা: একটা জায়গা। তার জন্য ধুুন্ধমার লড়াই তিন দলের। শেষ হাসি অপেক্ষা করে রয়েছে কাদের জন্য?

আইপিএলের প্লে অফের চার দলের মধ্যে তিন দলের জায়গা পাকা হয়ে গিয়েছে। প্লে অফে জায়গা করে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাত টাইটান্স ও সানরাইজার্স হায়দরাবাদ। চতুর্থ স্থানে কারা, চূড়ান্ত হবে গ্রুপ পর্বের ম্যাচের শেষ দিন, রবিবার। যেদিন মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস। আর দ্বিতীয় ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স খেলবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। এই দুই ম্যাচের ওপরই দাঁড়িয়ে আইপিএলের চতুর্থ দল হিসাবে কারা প্লে অফে উঠবে সেই সিদ্ধান্ত।

প্লে অফের লড়াই আরও জমিয়ে দিয়েছে গতবারের ফাইনালিস্ট পঞ্জাব কিংস। শনিবার লখনউ সুপার জায়ান্টসের ঘরের মাঠে তাদের বিরুদ্ধে কোণঠাসা অবস্থা থেকে ম্যাচ জিতে নিয়ে। ১৯৭ রানের লক্ষ্য় তাড়া করতে নেমে এক সময় ৬৯/৩ হয়ে গিয়েছিল পঞ্জাব। সেখান থেকে অপরাজিত সেঞ্চুরি করে পঞ্জাবকে সাত উইকেটে ম্যাচ জেতালেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। সেই শ্রেয়স, একটা সময় আইপিএল চ্যাম্পিয়ন করার পরেও যাঁকে ছুড়ে ফেলেছিল কেকেআর। ২ ওভার বাকি থাকতে ম্যাচ জেতায় পঞ্জাব কিংসের নেট রান রেটও দারুণ জায়গায়। +০.৩০৯। সব মিলিয়ে ১৪ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে এল পঞ্জাব কিংস।

রবিবার কোন দলের সামনে কী সমীকরণ?

কীভাবে প্লে অফে যাবে রাজস্থান রয়্যালস?

২৪ মে, রবিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে রাজস্থান রয়্যালস। বৈভব সূর্যবংশীদের প্লে অফে ওঠার সুযোগ সবচেয়ে বেশি উজ্জ্বল। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট রয়েছে রাজস্থানের। মুম্বইকে যে কোনও ব্যবধানে হারালেই প্লে অফের টিকিট পাকা। সেক্ষেত্রে ১৬ পয়েন্টে পৌঁছে যাবে রাজস্থান। পঞ্জাব কিংস ও কেকেআরের ধরাছোঁয়ার বাইরে। সেক্ষেত্রে শেষ ম্যাচ কেকেআর জিতলেও ১৫ পয়েন্টে আটকে যাবে। পঞ্জাব ১৫ পয়েন্টে শনিবারি পৌঁছে গিয়েছে। রাজস্থান বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কপাল পুড়বে রিয়ান পরাগদের। ১৫ পয়েন্টে শেষ করবে রাজস্থান। তবে রান রেটে পিছিয়ে থাকায় ছিটকে যাবে।

কীভাবে প্লে অফে যাবে পঞ্জাব কিংস?

শনিবার জেতায় ১৪ ম্যাচে ১৫ পয়েন্টে রয়েছে পঞ্জাব। শ্রেয়স আইয়ারদের নেট রান রেট +০.৩০৯। রবিবার মুম্বই ইন্ডিয়ান্স যদি রাজস্থান রয়্যালসকে হারিয়ে দেয় আর দিল্লি ক্যাপিটালস জেতে কেকেআরের বিরুদ্ধে, প্লে অফ পাকা পঞ্জাবের। মুম্বই জিতলে আর কেকেআর প্রথমে ব্যাট করে ৭৭ রানে না জিতলে কিংবা রান তাড়া করে ১২.১ ওভারে লক্ষ্যপূরণ না করলেও পঞ্জাব যাবে প্লে অফে।

কীভাবে প্লে অফে যাবে কলকাতা নাইট রাইডার্স?

রবিবার রাতের ম্যাচে নাইটদের জিততে তো হবেই, জিততে হবে নির্দিষ্ট এক ব্যবধানে। যদি কেকেআর প্রথমে ব্যাট করে, তবে ৭৭ রানে হারাতেই হবে দিল্লি ক্যাপিটালসকে। আর পরে ব্যাট করলে দিল্লি যত রানের লক্ষ্যই দিক না কেন, ১২.১ ওভারে সেই রান তুলে ফেলতে হবে রিঙ্কু সিংহদের। কেকেআর ১২.৪ ওভারে রান তুলে জিতলেও প্লে অফে যেতে পারে, যদি স্কোর টাই থাকা অবস্থায় ছক্কা মেরে ম্যাচ জেতা যায়। আর অবশ্যই হারতে হবে রাজস্থানকে।