বেঙ্গালুরু: আরসিবির অধিনায়ক হিসেবে টানা দু’বার নেতৃত্ব দিয়ে দুটো মরশুমেই দলকে চ্যাম্পিয়ন করেছেন। রজত পাতিদারের নেতৃত্বেই আইপিএলে ফের শিরোপা দখল করে নিল বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজি। ব্যাট হাতেও এবারের টুর্নামেন্টে পাঁচশোর কাছাকাছি রান করেছিলেন রজত। খেতাব জয়ের পর আরসিবি অধিনায়কের মুখে বিরাট বন্দনা। কীভাবে প্রাক্তন ভারত অধিনায়ক সাহায্য় করেছে প্রতিপদে পদে দলের জুনিয়র ক্রিকেটারদের, সেটাই উল্লেখ করেছেন আরসিবি অধিনায়ক।
রজত পাতিদার বলছেন, ‘আমি আমার ব্যাটিংকে যেভাবে দেখি, আমি চেষ্টা করি কোথায় উন্নতি করতে পারি, বিশেষ করে পেসারদের বিরুদ্ধে। আমি কোহলি ভাইয়ের কাছ থেকে অনেক সাহায্য পেয়েছি। যখনই আমি তাঁকে দেখি, তিনি সবসময় দলের সব খেলোয়াড়ের পাশে থাকেন। তিনি তরুণ খেলোয়াড়দের কাছেও যান, এমনকী যারা নার্ভাস হয়ে তাঁর কাছে যেতে সংকোচ বোধ করে, তাদেরও সাহায্যের হাত বাড়িয়ে দেন।’
অধিনায়ক হিসেবে টানা দ্বিতীয়বার আইপিএলের ফাইনালে মাঠে নামার সময় কী ভাবছিলেন? রজত পাতিদার বলছেন, ‘এটা দারুণ একটা অনুভূতি। কিন্তু অনেক স্মৃতি ভেসে আসছিল। তবে দলের তরফে সবাইকে বলা হয়েছিল যে বর্তমানেই থাকতে। পরিকল্পনা পরিষ্কার ছিল, রান তাড়া করব। গুজরাতের প্রথম তিন ব্যাটারকে দ্রুত আউট করতে চেয়েছিলাম। আমাদের বোলাররা পুরো টুর্নামেন্ট জুড়েই দুর্দান্ত ছিল। ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজলউড, রসিখ দার, ক্রণাল পাণ্ড্য়, রোমারিও শেফার্ড সবাই দারুণ ছিল।’
চার বছর আগে একটা মরশুমে বিকল্প হিসেবে রজত পাতিদার আরসিবি শিবিরে এসেছিলেন। আর বর্তমানে আরসিবির অধিনায়ক হিসেবে দুটো আইপিএল ট্রফি জয়ী অধিনায়ক হয়ে গিয়েছেন। রজত বলছেন, ‘আমি কখনও স্বপ্নেও ভাবিনি যে আরসিবির জন্য দু’টো আইপিএল জিতব। সবকিছুই লেখা আছে। গত বছর অনেক চাপ ছিল। এই বছর আমরা আত্মবিশ্বাসী ছিলাম। গত বছরের তুলনায় সবাই খুব ভালো মানসিক অবস্থায় ছিল। টুর্নামেন্ট শুরুর আগের প্রস্তুতিও আমার জন্য খুব ভালো ছিল।’
বিপদের হাত থেকে রক্ষা পেলেন গিলরা
আইপিএল ফাইনালে হারার পর এবার প্রাণরক্ষা হল শুভমন গিলদের। সূত্রের খবর, ফাইনালে Royal Challengers Bengaluru-র বিরুদ্ধে হারের পর দলটি হোটেলে ফিরছিল। সেই সময় বাসে প্রযুক্তিগত ত্রুটির কারণে শর্ট সার্কিট হয় এবং ধোঁয়া বেরোতে শুরু করে। পরিস্থিতি বুঝে সঙ্গে সঙ্গে বাস খালি করা হয়। এরপর ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টকে প্রায় এক ঘণ্টা রাস্তার ধারে অপেক্ষা করতে হয়, পরে অন্য একটি বাসের ব্যবস্থা করা হয়।