Last Updated:
Jyotipriya Mallick: তৃণমূল টুকরো টুকরো! বিধানসভা, লোকসভা, রাজ্যসভায় আলাদা আলাদা শিবির। আর এই আবহেই এবার মমতার হাত ছাড়লেন ‘বালু’। সিদ্ধান্তের কথা দলকে জানিয়ে দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক।
কলকাতা: শারীরিক অসুস্থতার কারণে দলের সমস্ত পদ থেকে সরে দাঁড়ালেন তৃণমূলের প্রথম দিনের সৈনিক জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু। ভোট প্রচারে গিয়ে একসময় খাদ্যমন্ত্রী থাকা, পরে রেশন দুর্নীতি কাণ্ডে হাজতবাস করা বালুকেই ছাব্বিশের নির্বাচনে দরাজ সার্টিফিকেট দিয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বালুও এবার থাকছেন না তৃণমূলের সঙ্গে?
সূত্রের খবর, দলের যাবতীয় পদ ছাড়ার বিষয়ে জানিয়ে দলকে চিঠি পাঠিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। গত শনিবারই জ্যোতিপ্রিয়কে জাতীয় কর্ম সমিতির সদস্য করা হয়েছিল। সেই পদও নাকি তিনি ছেড়ে দিয়েছেন। কিন্তু কেন ছাড়লেন দল? একদম শুরু থেকে তৃণমূলের সঙ্গে থাকা, দিদির স্নেহধন্য বালুর সিদ্ধান্তের পিছনে আসল কারণ কী?
এই বিষয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের বক্তব্য, “আমার ৩৫০-এর উপর সুগার, কিডনি খারাপ হয়ে গিয়েছে। তাই এই অবস্থায় দলের কোনও কাজকর্মে আমি এখন যুক্ত থাকতে পারছি না। তাই সব পদ ছেড়ে দিলাম।”
প্রসঙ্গত, একেবারে শুরু থেকেই দলের সঙ্গে ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই দলের অন্যতম কার্যকরী সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতিপ্রিয়। ২০১১ সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে বিধায়ক হয়েছেন বালু। হয়েছেন মন্ত্রীও। রেশন দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন জেলে থাকতে হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিককে। পরে জামিনে মুক্ত হন তিনি।
বড়সড় দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও তাঁর বিরুদ্ধে বড় কোনও পদক্ষেপ করেনি দল। বরঞ্চ তাঁর উপর ভরসা রয়েছে, তাঁকে ‘ফাঁসানো হয়েছে’ বলে মন্তব্য করতে শোনা গিয়েছিল তৃণমূলনেত্রীর মুখে। তবে জামিন পাওয়ার পরে দলের কার্যকলাপে আগের মতো দেখা যেত না তাঁকে।
বিধানসভা নির্বাচনে হাবড়ায় নির্বাচনী প্রচারে গিয়ে মমতা বলেছিলেন, “আমার মন্ত্রিসভায় বালু সবথেকে ভাল কাজ করেছে।” দুর্নীতির অভিযোগে জেলখাটা বালুকে এবারও টিকিট দিয়েছিলেন মমতা। যদিও জিততে পারেননি। তারপর থেকে সে অর্থে আর প্রকাশ্যে দেখা যায়নি জ্যোতিপ্রিয়কে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থা ছিল, এই দুর্দিনে জ্যোতিপ্রিয় অন্তত তাঁকে ছাড়বেন না। কিন্তু শেষমেশ তৃণমূলের ডামাডোলে হাত ছাড়লেন সেই বালুও।
Kolkata,West Bengal
