Last Updated:
শুধু জুনিয়র ডাক্তার বা চিকিৎসক পড়ুয়াদের নয়, আরজি করের সিনিয়র ডাক্তারদেরও হুমকি দিতেন তৃণমূলের ছাত্রনেতা আশিস পাণ্ডে। এমনটাই ছিল তাঁর বিরুদ্ধে অভিযোগ ৷
কলকাতা: আরজি কর দুর্নীতি সিবিআই মামলায় চিকিৎসক আশিস কুমার পাণ্ডের শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট ৷ ২০,০০০ টাকার ব্যক্তিগত বন্ড এবং ১০,০০০ টাকা করে দু’জন জামিনদারের জামিনে মুক্তি দেওয়া হবে, যার মধ্যে একজন স্থানীয় বাসিন্দা হতে হবে।
জামিনের শর্ত হিসেবে আদালত নির্দেশ দিয়েছে:
বিচার চলাকালীন প্রতিটি নির্ধারিত তারিখে ট্রায়াল কোর্টে ব্যক্তিগতভাবে হাজির থাকতে হবে। বিচারিক কার্যক্রমে অংশগ্রহণ ছাড়া কলকাতায় প্রবেশ করা যাবে না। বিশেষ প্রয়োজনে কলকাতায় প্রবেশ করতে হলে আগে ট্রায়াল কোর্টের অনুমতি নিতে হবে এবং আদালতের নির্দেশ কঠোরভাবে মেনে চলতে হবে। শুক্রবার আশিসের জামিন মঞ্জুর করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ৷
আরজি কর কাণ্ডে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় সন্দীপ ঘনিষ্ঠ আশিস পাণ্ডেকে। আরজি করে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হওয়ার দিন সেমিনার রুমের কাছেই দেখা গিয়েছিল আশিসকে। আরজি করের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ছিলেন এই আশিস পাণ্ডে। তবে সন্দীপ ঘনিষ্ঠতা যে ঠিক কতটা ছিল, সে সব কাহিনী শোনা যায় আরজি করের অন্দরে। ২০১৭ সালে এমবিবিএস-এর ছাত্র হিসেবে আরজি কর মেডিক্যাল কলেজে পড়াশোনা শুরু করেন আশিস। ২০২২-২৩ সালে ইন্টার্নশিপ হয় তাঁর। এরপর আরজি করেই হাউস স্টাফ হিসেবে কাজ শুরু করেন তিনি। গত বেশ কয়েক বছরে সন্দীপ ঘোষের বেশ ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন তিনি। ২০২১ সালে আরজি করে ইউনিট তৈরি হয় তৃণমূল ছাত্র পরিষদের। শাসকদলের ছাত্র ইউনিটের প্রেসিডেন্ট হন আশিস পাণ্ডে। অভিযোগ, দুর্নীতির যে মডেল তৈরি হয়েছিল আরজি করে, সেখানে সন্দীপ ঘোষের অনুগামী হিসেবে কাজ করতেন ‘প্রভাবশালী’ ছাত্রনেতা আশিস।
Kolkata,West Bengal
Jul 03, 2026 10:50 AM IST
