Last Updated:
এই রুটগুলিতে চাহিদা রয়েছে যাত্রীদের ৷ তাই এবার কলকাতা থেকে দিল্লি, চেন্নাই এবং বেঙ্গালুরু পর্যন্ত বাস পরিষেবা চালু হচ্ছে ৷
আবির ঘোষাল, কলকাতা: রেল বা বিমানে নয়, এবার কলকাতা থেকে সরাসরি বাসে চেপে পৌঁছে যান দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু। আরও আধুনিক বাসে চেপে চলে যান পুরী। বুধবার থেকে এই বিশেষ ব্যবস্থা চালু হচ্ছে কলকাতায়। শ্যামলী পরিবহণ সংস্থা এই বিশেষ পরিবহণ উদ্যোগ চালু করছে। রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং বুধবার করুণাময়ী বাসস্ট্যান্ড থেকে এই পরিষেবার উদ্বোধন করবেন।
সপ্তাহে সাত দিন এই পরিষেবা পাওয়া যাবে। কলকাতা থেকে দিল্লি যেতে ভাড়া পড়বে ২৫০০ থেকে ৩০০০ টাকার কাছাকাছি। ২৬ ঘণ্টায় পৌঁছে যাবে বাস।
কলকাতা থেকে বেঙ্গালুরু যাবে বাস মাথাপিছু ৪৫০০ টাকা ভাড়ায়। সময় লাগবে ৩৫ ঘণ্টা। কলকাতা থেকে চেন্নাই যেতে সময় লাগবে ২৪ ঘণ্টা, ভাড়া পড়বে ৪৭০০ টাকা। এছাড়া কলকাতা থেকে পুরী ভলভো স্পেশাল, মাত্র ৮ ঘণ্টায় ১৫০০-২০০০ টাকায় বাসে করে পৌঁছে যাওয়া যাবে।
যাত্রীদের জন্য বাসে আছে বায়ো টয়লেট। এছাড়া বালিশ ও চাদরও দেওয়া হবে। একঘেয়ামি কাটাতে সব আসনেই থাকছে টিভি স্ক্রিন ৷ এছাড়া বাসে স্ন্যাক্স, জল, চা-কফি দেওয়ার ব্যবস্থা থাকছে।
শ্যামলী পরিবহণ সংস্থার ম্যানেজিং ডিরেক্টর অরুণ ঘোষ জানিয়েছেন, থ্রি এসির ভাড়ায় বিমানের বা প্রথম শ্রেণীর এসির চাহিদা দেবে এই বাস ৷ যাত্রীদের চাহিদা আছে। তাই কলকাতা থেকে এই রুটে বাস চালু হচ্ছে।
Kolkata,West Bengal
