Last Updated:
বিশ্বকাপ শেষ হয়ে গেলেও বিতর্ক থামার নাম নেই। এ বার বিতর্ক শুরু হয়েছে সোনার বল নিয়ে। চলতি বিশ্বকাপে আটটি গোল করেছেন মেসি। করিয়েছেন চারটি গোল। আট ম্যাচের মধ্যে পাঁচটিতে হয়েছেন সেরা। কিন্তু তাঁর বদলে স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক রদ্রিকে সেই পুরস্কার দেওয়া হয়েছে। তার পরেই শুরু হয়েছে বিতর্ক।
পরপর দু’বার বিশ্বকাপ জয় আর হল না ৷ ফাইনালে স্পেনের বিরুদ্ধে থামতে হল আর্জেন্টিনাকে ৷ স্বভাবতই হতাশ গোটা বিশ্বের মেসি ও আর্জেন্টিনার ফ্যানরা ৷ লিওনেল মেসিকে এদিন কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে দেখা যায়। তিনি কি আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেললেন? এটাই এখন সকলের প্রশ্ন। মেসি নিজে এখনও পর্যন্ত এই প্রশ্নের উত্তর না দিলেও তাঁকে নিয়ে মুখ খুলেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। একটি সোশ্যাল মিডিয়ার ক্যাপশনে তারা লিখেছে, “অধিনায়ক, তোমার কান্না আমাদেরকেও কাঁদায়। তুমি আমাদের জীবনের সেরা আনন্দ দিয়েছ। তোমার নিষ্ঠা, জাদু ও দেশের হয়ে শেষ মুহূর্ত পর্যন্ত তোমার লড়াইকে সেলাম। তোমাকে সারা জীবন আমরা ভালবাসব মেসি। সব কিছুর জন্য ধন্যবাদ।”
এদিকে বিশ্বকাপে মেসিদের হারের পরই সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট ক্রীড়া আয়োজক শতদ্রু দত্তের। তিনি লেখেন, ‘‘এই বছরটা নীল সাদার নয়…৷’’

যথেষ্ট ইঙ্গিতপূর্ণ মন্তব্যই এদিন করেছেন শতদ্রু দত্ত ৷ যুবভারতীর মেসিকাণ্ড সম্ভবত সাম্প্রতিক কালে বাংলার ক্রীড়া ইতিহাসের সবচেয়ে অন্ধকারময় অধ্যায়। সেই অন্ধকার ঘুচিয়ে দিতে ফের উদ্যোগী হচ্ছেন শতদ্রু দত্ত। সূত্রের খবর, মেসিকে ফের কলকাতায় আনার পরিকল্পনা করছেন শতদ্রু। এবার আর শুধু দর্শন নয়, মেসির খেলা উপভোগ করার সুযোগও পাবেন দর্শকরা।
মেসি ফের কলকাতায় আসার জল্পনা গতি পেয়েছে বিশ্বকাপ চলাকালীন শতদ্রু দত্তের একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টে। গত ১৬ জুলাই আর্জেন্টিনার ম্যাচের দিন সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘‘আমার উপর যাঁদের বিশ্বাস আছে, আসছে বছর আবার হবে। আমি আনবই।’’ মেসির নাম না থাকলেও তিনি যে মেসিকে আনার কথাই বলছেন, সেটা ওই পোস্টের সময় এবং ইঙ্গিতে স্পষ্ট ছিল।
Kolkata,West Bengal
Jul 20, 2026 10:25 AM IST
