সন্দীপ সরকার, কলকাতা: আইপিএলে এরকম মারকাটারি মরশুম শেষ কবে গিয়েছে, মনে করতে গিয়েও অনেকে হোঁচট খাচ্ছেন। যেখানে প্লে অফের চার দলের মধ্যে তিন দলের জায়গা পাকা হয়েছে গ্রুপ পর্বের সূচির শেষ সপ্তাহে এসে। আর চতুর্থ স্থান? চূড়ান্ত হবে গ্রুপ পর্বের ম্যাচের শেষ দিন, রবিবার। যেদিন মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস। আর দ্বিতীয় ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের মহড়া দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে।
শেষ দিনের লড়াই আরও জমিয়ে দিল পঞ্জাব কিংস। শনিবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে কোণঠাসা অবস্থা থেকে ম্যাচ জিতে নিয়ে। ১৯৭ রানের লক্ষ্য় তাড়া করতে নেমে এক সময় ৬৯/৩ হয়ে গিয়েছিল পঞ্জাব। সেখান থেকে অপরাজিত সেঞ্চুরি করে পঞ্জাবকে সাত উইকেটে ম্যাচ জেতালেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। সেই শ্রেয়স, একটা সময় আইপিএল জেতানোর পরেও যাঁকে ছুড়ে ফেলেছিল কেকেআর। ২ ওভার বাকি থাকতে ম্যাচ জেতায় পঞ্জাব কিংসের নেট রান রেটও দারুণ জায়গায়। +০.৩০৯। সব মিলিয়ে ১৪ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠে এল পঞ্জাব কিংস।
কেকেআরের সামনে শেষ ম্যাচে নামার আগে অঙ্কটা পরিষ্কার। সেটা মেনে চললে, আর ভাগ্য় কিছুটা সঙ্গ দিলে প্লে অফের টিকিট মিলতেও পারে। যদিও সেটা ভীষণই কঠিন।
আরও পড়ুন: দলের সেরা ব্যাটার ছিটকে গিয়েছেন, পরিবর্ত কে? মরণ-বাঁচন ম্যাচের কী বললেন কেকেআরের কোচ?
কারণ, রবিবার রাতের ম্যাচে নাইটদের জিততে তো হবেই, জিততে হবে নির্দিষ্ট এক ব্যবধানে। যদি কেকেআর প্রথমে ব্যাট করে, তবে ৭৭ রানে হারাতেই হবে দিল্লিকে। আর পরে ব্যাট করলে দিল্লি যত রানের লক্ষ্যই দিক না কেন, ১২.১ ওভারে সেই রান তুলে ফেলতে হবে রিঙ্কু সিংহদের।
ধরা যাক, দিল্লি প্রথমে ব্যাট করে ১৬০ রান তুলেছে। কেকেআরকে ৭৩ বলে সেই রান তুলে ম্যাচ জিততে হবে। তবেই কেকেআরের নেট রান রেট পঞ্জাবের চেয়ে বেশি হবে। পয়েন্ট সমান হলেও সেক্ষেত্রে কেকেআর প্লে অফে যাবে।
অবশ্য… তার জন্য রয়েছে আরও একস সমীকরণ। রবিবার বিকেলের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারতেই হবে রাজস্থান রয়্যালসকে। বৈভব সূর্যবংশীরা জিতে গেলে এমনিতেই কেকেআর ও পঞ্জাব – দুই দলই বিদায় নেবে। ১৬ পয়েন্ট নিয়ে প্লে অফে পৌঁছে যাবে রিয়ান পরাগের রাজস্থান।