Last Updated:
বাহামাসে ভেঙে পড়ল ছোট বিমান। ঘটনায় মৃত্যু হয়েছে ওই বিমানে থাকা সব যাত্রীরই। এই ঘটনার তদন্ত শুরুর পাশাপাশি বাহামাসের সরকার ‘ফ্লেমিঙ্গো এয়ার ’-এর ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে।
বাহামাস: শুক্রবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশ বাহামাসে একটি বিমান ওড়ার কিছু সময়ের মধ্যেই ভেঙে পড়ে ৷ এই দুর্ঘটনায় বিমানে থাকা ১০ জনের প্রত্যেকেই নিহত হয়েছেন। এই ঘটনার তদন্ত শুরু হওয়ার পর সেদেশের সরকার সাময়িকভাবে ফ্লেমিঙ্গো এয়ারের কার্যক্রম স্থগিত করেছে।
দুর্ঘটনাটি ঘটেছে নর্থ অ্যান্ড্রোস এলাকায়, যা দ্বীপ রাষ্ট্রটির রাজধানী নাসাউয়ের (Nassau) ঠিক পশ্চিমে অবস্থিত। বাহামাসের প্রধানমন্ত্রী ফিলিপ ব্রেভ ডেভিস প্রথমে জানিয়েছিলেন যে দুর্ঘটনায় একজন বেঁচে গিয়েছেন ৷ কিন্তু পরে এক সাংবাদিক বৈঠকে তিনি নিশ্চিত করেন যে ওই ব্যক্তি আঘাতের কারণেই মারা গিয়েছেন। এখনও পর্যন্ত নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।
ডেভিস বলেন, “আমরা এই ঘটনায় গভীরভাবে শোকাহত।” তিনি উল্লেখ করেন যে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে যখন বাহামাস দেশটি তাদের ৫৩তম স্বাধীনতা দিবস পালন করছিল। তিনি বলেন, “এই দিনটি এখন শোকের দিনে পরিণত হয়েছে। … যেসব পরিবার এই বিধ্বংসী খবর পেয়েছেন যে তাঁদের প্রিয়জন আর বাড়ি ফিরবেন না, তাদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই।”
বাহামাস এয়ারক্রাফ্ট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন অথরিটি জানিয়েছে, বিমানটি নাসাউয়ের লিনডেন পিন্ডলিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল এবং সান অ্যান্ড্রোসের উদ্দেশ্যে রওনা হয়েছিল, কিন্তু পথেই দুর্ঘটনার শিকার হয়। সংস্থাটি জানিয়েছে, বিমানটি ছিল বাহামাসে রেজিস্টার্ড একটি সেসনা ৪০২ মডেলের উড়োজাহাজ।
বাহামিয়ান এয়ারক্রাফ্ট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন অথরিটি এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটি নাসাউয়ের লিনডেন পিন্ডলিং আন্তর্জাতিক বিমানবন্দর (Lynden Pindling International Airport) থেকে টেক অফ করেছিল এবং সান অ্যান্ড্রোসের উদ্দেশ্যে যাত্রা করছিল ৷ সেই সময়েই এটি দুর্ঘটনার কবলে পড়ে।
বাহামাসের জ্বালানি, ইউটিলিটি ও বিমান চলাচল মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করতে গিয়ে সতর্কতামূলক নিরাপত্তা ব্যবস্থা হিসেবে ফ্লেমিঙ্গো এয়ারের এয়ার অপারেটর সার্টিফিকেট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মন্ত্রক আরও জানিয়েছে, শুক্রবার ঘটে যাওয়া দুটি নিরাপত্তা-সংক্রান্ত ঘটনার পরিপ্রেক্ষিতেই এই স্থগিতাদেশ জারি করা হয়েছে।
Kolkata,West Bengal
