সন্দীপ সরকার, কলকাতা: এরকম আইপিএল টুর্নামেন্টের ১৯ বছরের ইতিহাসে কখনও দেখা গিয়েছে? যেখানে ৬টি দল ১২টি করে ম্যাচ খেলে ফেলেছে। ৪টি দল ১৩টি করে ম্যাচ খেলেছে। অথচ তার পরেও প্লে অফে নিশ্চিত হয়েছে শুধুমাত্র একটা দল!
১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে প্লে অফের যোগ্যতা অর্জন করেছে একমাত্র গতবারের চ্যাম্পিয়ন দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাও সেই টিকিট কনফার্ম হয়েছে রবিবার। প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে দুই দল। মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টস। বাকি সাত দলের মধ্যে লড়াই তিনটি জায়গা নিয়ে।
যে দৌড়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্সও। তিনবারের চ্যাম্পিয়ন দল। তবে এবারের টুর্নামেন্টে প্রথম ৬ ম্যাচে জয়ের মুখ দেখেনি। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্য়াচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল বলে পেয়েছিল শুধু এক পয়েন্ট। প্লে অফ কার্যত অসম্ভব দেখাচ্ছিল। সেখান থেকে পরের ৬ ম্যাচে ৫ জয়। ১১ পয়েন্ট নিয়ে প্লে অফের দৌড়ে এখনও বেঁচে রয়েছে কেকেআর। অলৌকিকের স্বপ্ন দেখছেন নাইট ভক্তরা। এখান থেকে কীভাবে প্লে অফে ওঠা সম্ভব নাইটদের?
গুজরাত টাইটান্সকে আগের ম্য়াচে নাইটরা হারালেও, শুভমন গিলরা কেকেআরের ধরাছোঁয়ার বাইরে। ১৬ পয়েন্টে পৌঁছে গিয়েছে গুজরাত টাইটান্স। তাদের শেষ ম্যাচ চেন্নাই সুপার কিংসের সঙ্গে। সেই ম্যাচে শুভমনরা জিতলে সুবিধা নাইটদের।
কেকেআরের লড়াই মূলত সানরাইজার্স হায়দরাবাদ, পঞ্জাব কিংস, চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে। কেকেআর শেষ দুই ম্যাচে জিতলে সর্বোচ্চ ১৫ পয়েন্টে শেষ করবে। তাদের ম্যাচ বাকি মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লির বিরুদ্ধে। দিল্লিকে হারানো মানে অক্ষর পটেলরা হিসেব থেকে ছিটকে যাবেন।
হায়দরাবাদের ম্যাচ বাকি চেন্নাই ও আরসিবির সঙ্গে। সেই দুই ম্যাচেই হায়দরাবাদ হারলে ভাল। সেক্ষেত্রে ১৪ পয়েন্টে আটকে যাবে হায়দরাবাদ। চেন্নাই গুজরাতের কাছে হারলে ও হায়দরাবাদকে হারালে ১৪ পয়েন্টে শেষ করবে।
পঞ্জাব কিংস রয়েছে ১৩ পয়েন্টে। তাদের শেষ ম্যাচ লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। লখনউ জিতে গেলে ছিটকে যাবে পঞ্জাব। আর পঞ্জাব জিতলে তারাও ১৫ পয়েন্টে থাকবে। সেক্ষেত্রে নেট রান রেটে এগিয়ে থাকলে প্লে অফে যাওয়ার সুযোগ থাকবে নাইটদের।
রাজস্থান রয়্যালসও দৌড়ে রয়েছে। ১২ ম্যাচে ১২ পয়েন্ট রাজস্থানের। তাদের ম্যাচ বাকি লখনউ ও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। একটি ম্যাচে হারলেই ১৪ পয়েন্টে আটকে যাবে রাজস্থান।
কেকেআর ঘরের মাঠে পরপর দুটি ম্যাচ জিতলে ১৫ পয়েন্ট নিয়েও প্লে অফে পৌঁছে যেতে পারে। যদি অঙ্ক ও সমীকরণ নাইটদের সঙ্গ দেয়। আর যদি সঙ্গে থাকে ভাগ্যও।