কলকাতা: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyama Prasad Mukherjee) জন্মদিন উপলক্ষ্যে আজ কলকাতায় এসেছেন অমিত শাহ (Amir Shah)। আর যাবতীয় কর্মসূচীর মাঝেই তিনি পৌঁছে যান, বালিগঞ্জে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee)-র বাড়িতে। অমিত শাহের সঙ্গে এদিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও। কয়েকটা দিন আগেই পদ্মশ্রী সম্মান গ্রহণ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তখনই তাঁর দেখা হয়েছিল অমিত শাহের সঙ্গে। আর এবার, কলকাতায় এসে বালিগঞ্জে প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের উৎসব বাড়িতে এসেছেন অমিত শাহ। গোটা এলাকা মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার ঘেরাটোপে।
কলকাতায় এসে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে অমিত শাহ
এর আগে, ব্রিগেডে বিজেপির শপথগ্রহণ অনুষ্ঠানে দেখা গিয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। তাঁর বাড়িতে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন সুকান্ত মজুমদারও। তবে প্রাথমিকভাবে অমিত শাহ এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই সাক্ষাৎকারকে সৌজন্য সাক্ষাৎকারই বলা হয়েছে। বিজেপির তরফে জানানো হয়েছে, পদ্মশ্রী সম্মান নিতে যাওয়ার সময়েই অমিত শাহের সঙ্গে দেখা হয়েছিল, কথা হয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। সেই সময়েই, কলকাতা এলে শাহকে তাঁর বাড়িতে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এরপরে আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে আজ কলকাতায় এসে, কর্মসূচির মধ্যেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে যান অমিত শাহ। সব মিলিয়ে মিনিট ১৫ ছিলেন তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে।
কী কথা হল অমিত শাহ আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের? জানালেন লকেট চট্টোপাধ্যায়
এদিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে অমিত শাহ এবং শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, নিশীথ প্রামাণিত, লকেট চট্টোপাধ্যায় ও বিজেপির অন্যান্য নেতানেত্রীরা। এদিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে লকেট চট্টোপাধ্যায় জানান, বাংলা ইন্ডাস্ট্রিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সবারই ভীষণ প্রিয়। সদ্য তিনি পদ্মশ্রী সম্মানও পেয়েছেন। অমিত শাহের সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই সাক্ষাৎ ছিল একেবারেই সৌজন্যমূলক। সিনেমা এবং বই নিয়ে কথা হয়েছে। তবে বিশেষ করে টলিউড ইন্ডাস্ট্রি নিয়ে কোনও কথা হয়নি।
এর আগে, ‘পদ্মশ্রী’ সম্মান পাওয়ার পরে, এবিপি লাইভ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, এই সম্মান তাঁর কাছে দায়িত্বের মতোই। তাঁর কেরিয়ার যেন আবার নতুনভাবে শুরু হল। দর্শকদের আরও ভাল ছবি উপহার দেওয়ার জন্য তিনি প্রতিজ্ঞাবদ্ধ।