কলকাতা : ‘কালীঘাট-তৃণমূল’-এর কুণাল ঘোষের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিস। স্বাধিকারভঙ্গের নোটিস আনলেন পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ। পরপর দু’দিন যেভাবে বাদানুবাদে জড়িয়ে পড়েন তৃণমূল বিধায়ক, এমনকী স্পিকারের সঙ্গেও তাঁর বাদানুবাদ হয়। এবার কুণাল ঘোষের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিস আনা হল।
এ প্রসঙ্গে বেলেঘাটার বিধায়ক বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক কুণাল ঘোষ কীভাবে ওঁদের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে…আমায় বলতে না দেওয়া, আমার কণ্ঠরোধের চেষ্টা, প্রতিবাদ করলে মার্শাল দিয়ে চ্যাংদোলা করে বের করে দেওয়া, কথায় কথায় সমালোচনা। শেষ পর্যন্ত প্রিভিলেজ ! ওঁরা কী চান ? আমার বিধায়ক পদ খারিজ করে দেবেন ? নিয়ে নিন। বিধায়ক দাঁড়িয়ে…ভোটে জেতা যায় আমার দেখানো হয়ে গেছে। দেখা হয়ে গেছে। যদি ব্যাকডোর দিয়…প্রিভিলেজ মোশন দিয়ে…আমার কাড়তে চান…কেড়ে নিন। কিন্তু, আমাকে বলতে দেওয়া হচ্ছে না। এটা আমি বলেছি এবং বলব। আমি পরিষ্কার বলছি, আমাকে কোনও ডিবেটে বলতে দেওয়া হচ্ছে না।”
প্রেক্ষাপট…
বুধবার তাঁকে একদিনের জন্য় সাসপেন্ড করেছিলেন অধ্য়ক্ষ। কুণাল ঘোষের সেই সাসপেনশন নিয়েই বৃহস্পতিবার অধিবেশন শুরুর আগে ফের উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। বাদানুবাদ, বিজেপি বিধায়কদের সঙ্গে বচসায় জড়ান কালীঘাট-তৃণমূলপন্থী বিধায়ক। বুধবারের ঘটনাটাকে ‘কলঙ্কজনক’ বলে আখ্য়া দেন অধ্য়ক্ষ।
বুধবারের পর বৃহস্পতিবার। ফের কুণাল ঘোষকে ঘিরে উত্তপ্ত হয় বিধানসভার অধিবেশন। বুধবার টেনে হিঁচড়ে কুণাল ঘোষকে বিধানসভার অধিবেশন থেকে বের করে দিয়েছিল মার্শালরা। বৃহস্পতিবারই ফের বাদানুবাদে জড়ান তিনি। বিধানসভায় কে বলবে, তা নিয়ে বুধবার বাদানুবাদে জড়ান ‘কালীঘাট-তৃণমূল’-এর কুণাল ঘোষ এবং ‘ঋতব্রত-তৃণমূল’-এর আখরুজ্জামান। মার্শালরা কুণাল ঘোষকে টেনে হিঁচড়ে অধিবেশন থেকে বের করে দেন। বৃহস্পতিবার, বিধানসভায় ক্রীড়া ও যুব কল্য়াণ দফতরের বাজেট নিয়ে আলোচনা শুরুর ঠিক আগে, বুধবারের ঘটনাটি তুলতে চান শোভনদেব চট্টোপাধ্য়ায়। কিন্তু, তা নাকচ করে দেন স্পিকার। এরপরই বুধবারের ঘটনাটাকে ‘কলঙ্কজনক’ বলে আখ্য়া দেন অধ্য়ক্ষ। তখনই এনিয়ে সরব হন কুণাল ঘোষ। শুরু হয় হট্টগোল… ওয়েলে নেমে আসেন বিজেপি বিধায়করা। কুণাল ঘোষের সঙ্গে তাঁদের বাদানুবাদ শুরু হয়। শঙ্কর ঘোষ-সহ বেশ কয়েক জন বিজেপি বিধায়ক সেখানে চলে আসেন। এরপর একেবারে স্পিকারের ডেস্কের কাছাকাছি চলে যান কুণাল ঘোষ। সূত্রের খবর, গতকাল বিধানসভা অধিবেশন শুরুর আগে, আখরুজ্জামানের সঙ্গে কথা বলেন কুণাল ঘোষ। সেখানে ছিলেন ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্য়ায়। সূত্রের খবর, আখরুজ্জামানকে কুণাল ঘোষ বলেন, আপনার ওপর আমার কোনও রাগ নেই। আমায় বলতে দেওয়া হোক।