কলকাতা: গোটা আইপিএল (IPL 2026) মরশুমটাই মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) জন্য একেবারেই ভাল কাটেনি। আর সেই দলের অধিনায়ক হার্দিক পাণ্ড্যও (Hardik Pandya) দলের পারফরম্য়ান্স, নিজের পারফরম্যান্সের জন্য সমালোচনায় বিদ্ধ হয়েছেন। এবার কেকেআরের বিরুদ্ধে পরাজয়ের পর হার্দিক শাস্তিও পেলেন।
ইডেন গার্ডেন্সে লো স্কোরিং এক ম্যাচেই হার্দিক পিঠের চোট সারিয়ে নিজের কামব্যাক ঘটিয়েছিলেন। সেই ম্যাচে শেষেই শাস্তি পেলেন পল্টন অধিনায়ক। ব্যাটে হাতে তিনি ২৬ রান করেন। তবে বল হাতে নিয়ে লো স্কোরিং এক ম্যাচে বিরাট বড় সুযোগ তৈরি করেছিলেন হার্দিক। তাঁর বলেই ক্যাচ তুলেছিলেন রোভম্যান পাওয়েল। সেই ক্যাচ ধরে নিলে ম্যাচ আরও জমে যেত, চাপে পড়ত কেকেআর। তবে তালমেলের অভাবে ফাইন লেগে রবিন মিঞ্জ এবং দীপক চাহার সেই ক্যাচ মিস করেন।
ক্যাচ মিসের পরেও হার্দিককে তেমন কিছু প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি, বরং তিনি সতীর্থদের হাত দিয়ে মনোবল বাড়ানোর চেষ্টা করেন। তবে ঠিক তারপরেই মণীশ পাণ্ডে হার্দিকের বলে নাগাড়ে দুইটি চার মারেন। ক্যাচ মিসের পর চার হজম করেই হার্দিক বেশ খানিকটা ক্ষীপ্ত হন। তিনি ফেরার পথে সজোরে বেলে আঘাত করে তা ফেলে দেন। এই ঘটনার জেরেই হার্দিকের শাস্তি হল। তাঁর ১০ শতাংশ ম্যাচ ফি তো কাটা গিয়েইছে, পাশাপাশি আইপিএলের নিয়মবিধির ১ নম্বর স্তর লঙ্ঘন করার জন্য তাঁকে এক ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়।