কলকাতা: দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে কোটি টাকার তহবিল তৈরি করা অনেকেরই অন্যতম প্রধান আর্থিক লক্ষ্য। এই লক্ষ্যে পৌঁছানোর জন্য অনেকেই দ্বিধায় থাকেন—প্রতি মাসে নিয়মিত SIP করা ভালো, নাকি এককালীন বড় অঙ্কের লাম্পসাম বিনিয়োগ বেশি লাভজনক? বিশেষজ্ঞদের মতে, দুই পদ্ধতিরই আলাদা সুবিধা রয়েছে এবং সঠিক সিদ্ধান্ত নির্ভর করে বিনিয়োগকারীর আর্থিক সামর্থ্য, লক্ষ্য ও ঝুঁকি নেওয়ার মানসিকতার উপর।
মিউচুয়াল ফান্ডে প্রতি মাসে ১০ হাজার টাকার SIP এবং এককালীন ১০ লক্ষ টাকার লাম্পসাম বিনিয়োগের হিসাব করলে দেখা যায়, দীর্ঘমেয়াদে দু’টি পথই প্রায় একই ধরনের ফল দিতে পারে। তবে লাম্পসাম বিনিয়োগের ক্ষেত্রে পুরো অর্থ শুরু থেকেই বাজারে কাজ করতে থাকে, ফলে চক্রবৃদ্ধি হারে বৃদ্ধির সুবিধা আগে থেকেই পাওয়া যায়।
১২ শতাংশ সম্ভাব্য বার্ষিক রিটার্ন ধরে হিসাব করলে, প্রতি মাসে ১০ হাজার টাকা SIP করে ১ কোটির বেশি তহবিল তৈরি করতে সময় লাগতে পারে প্রায় ২০ বছর। এই সময়ে মোট বিনিয়োগের পরিমাণ হবে প্রায় ২৪ লক্ষ ৬০ হাজার টাকা এবং সম্ভাব্য রিটার্ন হতে পারে ৮২ লক্ষ টাকার বেশি। ফলে মোট তহবিলের পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ১ কোটি টাকা।
অন্যদিকে, এককালীন ১০ লক্ষ টাকা বিনিয়োগ করে ১২ শতাংশ বার্ষিক সম্ভাব্য রিটার্ন পেলে প্রায় ২১ বছরে সেই অর্থ বেড়ে প্রায় ১ কোটি টাকায় পৌঁছতে পারে। অর্থাৎ, সময়ের ব্যবধান খুব বেশি না হলেও মোট বিনিয়োগের অঙ্কের ক্ষেত্রে লাম্পসাম পদ্ধতিতে অনেক কম অর্থ লাগছে।
তবে সকলের পক্ষে একসঙ্গে ১০ লক্ষ টাকা বিনিয়োগ করা সম্ভব নয়। সেই ক্ষেত্রে SIP একটি সহজ ও শৃঙ্খলাবদ্ধ উপায়, যেখানে অল্প অল্প করে টাকা বিনিয়োগ করে দীর্ঘ সময় ধরে বড় তহবিল গড়ে তোলা যায়।
তবে মনে রাখতে হবে, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারের ঝুঁকির সঙ্গে যুক্ত এবং কোনও নির্দিষ্ট রিটার্নের নিশ্চয়তা থাকে না। তাই দীর্ঘমেয়াদি বিনিয়োগের আগে নিজের আর্থিক পরিস্থিতি, ঝুঁকি গ্রহণের ক্ষমতা ও লক্ষ্য বিবেচনা করে প্রয়োজন হলে আর্থিক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
EPF : অপরিবর্তিত EPF-র সুদর, চলতি মাসেই টাকা ঢুকবে গ্রাহকদের অ্যাকাউন্টে