ধর্মশালা: তিনি গতবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (Royal Challengers Bengaluru) আইপিএলে (IPL 2026) চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা নিয়েছিলেন। তবে চোটের জন্য এবারের টুর্নামেন্টের মাঝপথে ছিটকে গিয়েছিলেন। তবে কোয়ালিফায়ারের আগে সেই ফিল সল্ট (Phil Salt) যোগ দিয়েছেন আরসিবি শিবিরে। কোয়ালিফায়ারে কি তিনি খেলবেন?
আগামীকাল, মঙ্গলবার ধর্মশালায় গুজরাত টাইটান্সের বিরুদ্ধে কোয়ালিফায়ার ওয়ানে খেলতে নামবে আরসিবি। তার আগের দিন বিরাট কোহলিদের দলের অধিনায়ক রজত পাতিদার (Rajat Patidar) জানিয়েছেন, দলে ফেরার খুব কাছাকাছি আছেন ফিল সল্ট। যদিও ধর্মশালায় ফিল সল্টকে পাওয়া যাবে কি না, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ফ্র্যাঞ্চাইজি। সল্ট খেলতে পারলে আরসিবির কাছে তা হবে বিরাট প্রাপ্তি। কারণ, কোয়ালিফায়ার ওয়ানে জেতা মানে সরাসরি ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলা।
লিগ পর্বের শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে বিরাট ব্যবধানে হারলেও, পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান পেয়েছে আরসিবি। কোয়ালিফায়ার ওয়ানে শুভমন গিলের গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলবেন কোহলিরা। সেই ম্যাচের আগে পাতিদার জানিয়েছেন, সল্ট অনুশীলনে যোগ দিয়েছেন।
পাতিদার বলেছেন, ‘সল্ট ফিট। ও চিকিৎসকদের পর্যবেক্ষণে আছে। ও বেশ কিছু ড্রিলে অংশ নিচ্ছে। তবে আমরা একাদশ নিয়ে এখনও সিদ্ধান্ত নিইনি। আমরা উইকেট দেখে সিদ্ধান্ত নেব।’
১৮ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে আঙুলে চোট পেয়ে আইপিএলের মাঝপথে মাঠের বাইরে চলে গিয়েছিলেন। দেশেও ফিরে যান ইংরেজ তারকা। চিকিৎসার জন্য। তখনই জানা গিয়েছিল যে, দল প্লে অফে উঠলে ভারতে ফিরতে পারেন তিনি। তিনি ফিরেছেন। তবে কোয়ালিফায়ারে খেলবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা রাখা হল।
ফিল সল্ট ফেরা মানে আরসিবি-র ব্যাটিং আরও শক্তিশালী হবে। চোট পাওয়ার আগে আইপিএলের অন্যতম বিধ্বংসী ওপেনার ছিলেন সল্ট। পাওয়ার প্লে-তে তিনি জ্বলে ওঠা মানে প্রতিপক্ষ বোলিংকে ছিঁড়ে ফেলতে পারেন।
সল্টের অনুপস্থিতির মাঝেই জেকব বেথেল আঙুলে চোট পান। যা উদ্বেগে রেখেছে আরসিবি শিবিরকে। হায়দরাবাদের বিরুদ্ধে শেষ গ্রুপ ম্যাচে খেলেননি তিনি। বেঙ্কটেশ আইয়ারকে ব্যাটিং অর্ডারে প্রোমোশন দেওয়া হয়। ১৯ বলে ৪৪ রান করে তাঁর ওপর আস্থা রাখার মর্যাদা দেন বেঙ্কটেশ। যদিও শেষ পর্যন্ত ম্যাচ হেরে যায় আরসিবি।
কাল গুজরাতের বিরুদ্ধে জিতলে শুধু যে ফাইনালের টিকিট কনফার্ম হবে তাই নয়, ফাইনালের আগে বাড়তি একদিন বিশ্রামও পাবেন কোহলিরা।