Maruti Suzuki Cars : গাড়ি কেনার পরিকল্পনা করছেন? তাহলে আর দেরি না করে এই মাসেই সিদ্ধান্ত নিয়ে ফেলা বুদ্ধিমানের কাজ হবে। কারণ, দেশের অন্যতম বড় গাড়ি প্রস্তুতকারক সংস্থা ‘মারুতি সুজুকি ইন্ডিয়া’ (Maruti Suzuki India) তাদের গাড়ির (Car) দাম বাড়ানোর বড় ঘোষণা করেছে। আগামী জুন মাস থেকেই তাদের সব ধরনের মডেলের গাড়ির দাম সর্বোচ্চ ৩০,০০০ টাকা পর্যন্ত বেড়ে যাচ্ছে।
বৃহস্পতিবার সংস্থার পক্ষ থেকে শেয়ার বাজারকে (Regulatory Filing) এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। মারুতি সুজুকি জানিয়েছে, বাজারে ক্রমাগত বাড়তে থাকা মুদ্রাস্ফীতি (Inflation) এবং গাড়ি তৈরির কাঁচামালের খরচ একধাক্কায় অনেকটা বেড়ে যাওয়ার কারণেই তারা এই দাম বাড়াতে বাধ্য হচ্ছে। তবে কোন মডেলের গাড়ির দাম ঠিক কত টাকা বাড়বে, তা নির্ভর করবে নির্দিষ্ট মডেলের ওপর।
সংস্থার তরফ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, “গত কয়েক মাস ধরে কোম্পানি বিভিন্ন উপায়ে খরচ কমিয়ে বাড়তি খরচের বোঝা সামাল দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছিল, যাতে গ্রাহকদের ওপর চাপ না পড়ে। কিন্তু বর্তমানে বাজারে মুদ্রাস্ফীতি এতটাই উচ্চ স্তরে পৌঁছেছে এবং গাড়ি তৈরির খরচ যেভাবে দিনের পর দিন বাড়ছে, তাতে বাধ্য হয়েই সেই বাড়তি খরচের কিছুটা অংশ বাজারের ওপর ছাড়তে হচ্ছে।” তবে এর পরেও গ্রাহকদের ওপর যাতে সবচেয়ে কম প্রভাব পড়ে, কোম্পানি সেই চেষ্টাই করছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
বর্তমানে দেশের বাজারে মারুতি সুজুকির বেশ লম্বা একটি গাড়ির পোর্টফোলিও রয়েছে। একদম সাধারণ মানুষের সাধ্যের মধ্যে থাকা এন্ট্রি-লেভেল মডেল ‘এস-প্রেসো’ (S-Presso) থেকে শুরু করে প্রিমিয়াম আল্ট্রা-লাক্সারি মডেল ‘ইনভিক্টো’ (Invicto) পর্যন্ত বিভিন্ন রেঞ্জের গাড়ি বিক্রি করে এই সংস্থা।
মারুতি সুজুকির এই সিদ্ধান্ত এমন সময় সামনে এসেছে, যখন ভারতে একাধিক অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান পণ্যের দাম বৃদ্ধি করেছে। এর নেপথ্যে কারণ হিসেবে রয়েছে কাঁচামালের উচ্চ মূল্য, পরিবহন ব্যয়ের বৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থাজুড়ে মূল্যস্ফীতির চাপ।
এর আগে, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ঘোষণা করেছিল যে তাদের SUV এবং বাণিজ্যিক যানবাহনের পুরো পোর্টফোলিওর দাম ৬ এপ্রিল থেকে বাড়ানো হবে। বর্তমানে এই কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন মডেলে গড়ে প্রায় ১.৬ শতাংশ এবং সর্বোচ্চ ২.৫ শতাংশ পর্যন্ত দাম বাড়তে পারে। ফলে যে মধ্যবিত্তরা সামনেই গাড়ি কেনার প্ল্যান করছিলেন, তাঁরা খানিকটা হলেও ধাক্কা খেতে পারেন।