কলকাতা : পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। আজ রাতেই সুজিত বসুর মেডিক্যাল করা হবে বলে খবর। আগামীকাল আদালতে পেশ করা হবে তাঁকে।
পুর নিয়োগ দুর্নীতির মামলায় সোমবার সুজিত বসুকে গ্রেফতার করল ED… এর আগে CBI চার্জশিটে দাবি করেছিল, বেআইনিভাবে সবচেয়ে বেশি চাকরি দেওয়া হয় দক্ষিণ দমদম পুরসভায়। এই পুরসভারই ভাইস চেয়ারম্য়ান ছিলেন সুজিত বসু। ED সূত্রে দাবি, বিধায়ক থাকাকালীনও সুজিত বসুর সুপারিশে বহু চাকরি হয়। কারও ক্ষেত্রে টাকার বিনিময়ে, কারও ক্ষেত্রে জমির বিনিময়ে।
পুর নিয়োগ দুর্নীতির মামলায় ইডি-র হাতে গ্রেফতার সুজিত বসু। প্রায় সাড়ে দশ ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর, উত্তর এড়িয়ে যাওয়া এবং বিভ্রান্তিকর উত্তর দেওয়ার অভিযোগে প্রাক্তন দমকলমন্ত্রীকে গ্রেফতার করল কেন্দ্রীয় এজেন্সি। পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় CBI যে চার্জশিট দিয়েছিল, তার ১১ নম্বর পাতায় দাবি করা হয়, বেআইনিভাবে সবচেয়ে বেশি চাকরি দেওয়া হয়েছে দক্ষিণ দমদম পুরসভায়।
২০১৪ সালের পর সেখানে ৩২৯ জনের নিয়োগ হয়েছে টাকার বিনিময়ে।
কেন্দ্রীয় এজেন্সি দাবি করে, করোনাকালে তৃণমূল পরিচালিত দক্ষিণ দমদম পুরসভায়, এভাবেই একসঙ্গে চাকরি হয়েছিল ২৯ জনের। ২০১০ সাল থেকে দীর্ঘদিন এই পুরসভার ভাইস চেয়ারম্য়ান ছিলেন সুজিত বসু। ED সূত্রে দাবি, সুজিত বসুর সুপারিশে বিভিন্ন পদে ১৫০ জনের চাকরি হয়। ইডি সূত্রে দাবি, বিধায়ক থাকাকালীনও সুজিত বসুর সুপারিশে বহু চাকরি হয়েছে। কোথাও টাকার বদলে, কোথাও জমির বিনিময়ে চাকরি দেওয়া হয় বলে অভিযোগ।
ইডি সূত্রে দাবি, অনেক ক্ষেত্রেই দেখা যায় জমির জন্য কোনও টাকা নেওয়া হয়নি। তার বদলে পরিবারের ২-৩ জনের চাকরি হয়েছে দক্ষিণ দমদম পুরসভায়। এই মামলার তদন্তে গত বছরের ১০ অক্টোবর লেকটাউনে দমকলমন্ত্রী সুজিত বসুর রেস্তোরাঁ। তাঁর সল্টলেকের অফিস, গোলাঘাটায় দমকলমন্ত্রীর ছেলে সমুদ্র বসুর রেস্তোরাঁ, লাউঞ্জ-বারে তল্লাশি চালায় ED। সুজিত বসুর স্ত্রী, পুত্র, কন্যা ও জামাইকেও জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার সকালেও সুজিত বসুর সঙ্গে ED দফতরে যান তাঁর ছেলে সমুদ্র বসু। প্রায় সাড়ে দশ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সুজিত বসুকে গ্রেফতার করে ইডি।