কলকাতা: দশ ম্যাচে ৯ পয়েন্ট। টেবিলে সাত নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। আইপিএলের প্লে অফে কি এখনও উঠতে পারে শাহরুখ খান-জুহি চাওলার দল? কী বলছে অঙ্ক?
আইপিএলের প্লে অফের অঙ্ক বেশ জমে গিয়েছে। কোনও দলই এখনও জায়গা নিশ্চিত করতে পারেনি। শুধু ছিটকে গিয়েছে দুটি দল – মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টস। দুই দলের ঝুলিতেই ১১টি করে ম্যাচ খেলে ৬ পয়েন্ট করে রয়েছে। গ্রুপ পর্বে প্রত্যেক দল ১৪টি করে ম্যাচ খেলে। মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টস বাকি তিনটি ম্য়াচে জিতলেও ১০ পয়েন্ট করে হবে। তাতে প্লে অফের দরজা খুলবে না।
১১ ম্যাচে ৮ পয়েন্ট দিল্লি ক্যাপিটালসের। বাকি তিন ম্যাচে জিতলে অক্ষর পটেলরা ১৪ পয়েন্টে শেষ করবেন। দশ দলের আইপিএল হওয়ার পর থেকে ১৪ পয়েন্ট নিয়ে প্লে অফে ওঠা কার্যত অসম্ভব। ১১টি করে ম্যাচ খেলে ইতিমধ্যেই তিন দল ১৪ পয়েন্টে পৌঁছে গিয়েছে। তাই খাতায় কলমে যা-ই বলুক, দিল্লির আশাও নেই বললেই চলে।
বাকি ৬ দলের মধ্যে প্লে অফের চার দলের মধ্যে জায়গা করে নেওয়ার লড়াই। কেকেআরের বাকি চারটি ম্যাচ। সেই চারটি ম্যাচে জিতলে ১৭ পয়েন্টে শেষ করবে নাইটরা। সেক্ষেত্রে প্লে অফে ওঠা আটকানো উচিত নয়।
কিন্তু যদি কোনও একটি ম্যাচে হেরে যায় কেকেআর?
সেক্ষেত্রে ১৫ পয়েন্টে আটকে যাবে কেকেআর। তখন অন্য দলের হাতে নির্ভর করবে অজিঙ্ক রাহানেদের ভাগ্য। তবে নিজেদের বাকি চার ম্যাচ জিতে গেলে কেকেআরের প্লে অফে ওঠা আটকানোর কথা নয়।
কেকেআরের ম্যাচ বাকি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাত টাইটান্স, মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। নাইটদের সবচেয়ে বড় সুবিধা হল, একমাত্র আরসিবি ম্যাচ বাদ দিলে বাকি তিন ম্যাচই ঘরের মাঠে লড়াই। গুজরাত টাইটান্স, মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ইডেনে খেলবে কেকেআর। সেক্ষেত্রে পছন্দের পরিবেশে, মনেক মতো পিচে খেলার সুযোগ থাকবে। আরসিবি অ্যাওয়ে ম্যাচ হলেও, ম্যাচটি রায়পুরে। যা খাতায় কলমে বিরাট কোহলিদের সেকেন্ড হোম হলেও, তাঁদেরও মানিয়ে নিতে হবে। বুধবারের সেই ম্যাচে কেকেআর জিতে গেলে বাকি তিন ম্যাচে অনেক চাপমুক্ত হয়ে নামতে পারবে কেকেআর।
আরও পড়ুন: আইপিএলের ধাঁচে প্রথমবার নিলাম, বেঙ্গল প্রো টি-২০ লিগে সর্বোচ্চ দাম পেলেন শাহবাজ, উঠল প্রশ্নও