Last Updated:
Janatar Darbar: জনতার দরবার চালু করলেন শুভেন্দু অধিকারী। জেলা থেকে আসা মানুষের ভিড় সল্টলেকের বিজেপির পার্টি অফিসে। সপ্তাহে কতদিন করে ক’ঘণ্টা কথা বলবেন মুখ্যমন্ত্রী?
কলকাতা: সকাল ৯ টা থেকে সল্টলেক বিজেপি পার্টি অফিসে শুরু হয়েছে জনতার দরবার। উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপি সরকারের নয়া কর্মসূচি মুখ্যমন্ত্রীর জনতার দরবার। পয়লা জুন থেকে পুরোদমে কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও আজ সল্টলেক বিজেপি দফতরে জনতার দরবার কর্মসূচিতে অংশ নিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী।
জনতার দরবার বিজেপির একটি নতুন কর্মসূচি। এই কর্মসূচির মূল উদ্দেশ্য সরকারি পরিষেবা পেতে সমস্যা, আবাস যোজনা, ১০০ দিনের কাজ বা অন্য কোনও বিষয়ে সাধারণ মানুষের সরাসরি অভিযোগ নেওয়া এবং তার দ্রুত সমাধান করা। সল্টলেক বিজেপি দফতরে ইতিমধ্যেই জেলার বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ এসে উপস্থিত হয়েছেন।
রেজিস্ট্রেশন মারফত অভিযোগ নেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর তরফে। রেজিস্ট্রেশন মারফত আজ ১০টি দল ( প্রতি দলে ৪ জন করে সদস্য) মুখ্যমন্ত্রীর জনতার দরবার কর্মসূচিতে অংশ নিয়েছেন। এদিন জনতার দরবারের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে সমস্যার কথা জানিয়েছেন অনেকেই।
গত শুক্রবারই বিজেপির তরফে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন এবার রাজ্যে শুরু হচ্ছে ‘জনতার দরবার’। সপ্তাহে একদিন বা দুদিন দু’ঘণ্টা করে হবে এই জনতার দরবার। মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন একজন বা দুজন আধিকারিকও। সেই মতো আজ শুরু হয়েছে জনতার দরবারের কার্যক্রম।
সূত্রের খবর, গত সপ্তাহেই এই নতুন কর্মসূচির প্রস্তুতি নিতে শুরু করে দেন রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের আধিকারিকরা। কীভাবে এই জনতার দরবার হবে? তার পুরো পরিকল্পনা তৈরি করা হচ্ছে বলেই দলীয় সূত্রে জানানো হয়। প্রসঙ্গত, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতিমধ্যেই শুরু করেছেন জনতার দরবার। এর মধ্যে প্রদেশ ও জনতার দরবার কর্মসূচি শুরু হয়েছে। ওড়িশার মুখ্যমন্ত্রী ও জনশুনানি নামে এক কর্মসূচি শুরু করেছেন। এবার এ রাজ্যেও জনতার দরবার শুরু করল নতুন শাসকদল।
Kolkata,West Bengal
May 18, 2026 10:44 AM IST
