কলকাতা: শেষ হয়েছে ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর যাত্রা। ছোটপর্দায় নজর কেড়েছেন জিতু কমল (Jeetu Kamal)। তাঁর বিপরীতে প্রথমে দেখা গিয়েছিল, দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)-কে। তবে পরবর্তীতে কিছু সমস্যার কারণে, ধারাবাহিক থেকে সরে দাঁড়ান, দিতিপ্রিয়া। অপর্ণার চরিত্রে যোগ দেন, শিরিন পাল (Shirin Paul)। শিরিন দীর্ঘদিন অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও, পর্দায় তাঁকে দেখা যায়নি কখনও। এই প্রথম ছোটপর্দায় পা রেখেছিলেন তিনি। প্রথম ছোটপর্দায় অভিনয়, নতুন মুখ.. তার ওপর আবার এক অভিনেত্রীর জায়গা নিচ্ছেন তিনি। কাজটা সহজ ছিল না একেবারেই। তবে সেই কাজে, সসম্মানে উৎরে গিয়েছেন শিরিন। যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছেন তিনি। অবশেষে শেষ হল অপর্ণার পথ চলা। প্রথম ধারাবাহিক শেষ হতেই, কলম ধরলেন শিরিন পাল। কী লিখলেন তিনি?
ধারাবাহিক শেষ হতেই কী লিখলেন শিরিন?
সোশ্যাল মিডিয়ায় শিরিন লিখেছেন, ‘আমার অনেক না পারা আছে। কোনোদিন ক্লাসে ফার্স্ট না হতে পারা, মায়ের মতো আম ডাল না বানাতে পারা, একটা ইরফান খানের সঙ্গে ছবি না করতে পারা, পৃথিবীটা কে পাল্টে না ফেলতে পারা… তবে সবার বাড়ির মেয়ে হতে পেরেছি। আমার স্পর্ধা নেই ধন্যবাদ বলার। আমার ফিরিয়ে দেবার মতও কিছুই নেই। আমার কেবল আছে এক আকাশ স্বপ্ন। একটা গাছে মোড়া সবুজ ছোট্ট শহর ঝাড়গ্রামের সেইসব বাচ্চা মেয়ে গুলোর জ্বলজ্বল করতে থাকা চোখ আছে। তবু, তবুও….. যারা আশা জাগিয়ে গেছে নিরন্তর। যারা পিঠ চাপড়ে গেছে নিঃশব্দে। যারা রোল ক্যামেরা অ্যাকশনের মাঝে থেকে গিয়েছেন.. তাদের আভূমি প্রণাম।’
জিতু-শিরিনের সম্পর্কের সমীকরণ
এই পোস্টের সঙ্গে শিরিন শেয়ার করে নিয়েছেন জিতুর সঙ্গে তাঁর ধারাবাহিকের দৃশ্যের একটি ছবি। পোস্টেও তিনি প্রথমেই যাঁকে ট্যাগ করে নিয়েছেন, তিনি জিতু কমল। ধারাবাহিক চলাকালীন অনেক গুঞ্জন ছড়িয়েছিল যে, জিতুর সঙ্গে শিরিনের সম্পর্ক ভাল নয়। এর আগে দিতিপ্রিয়ার সঙ্গে জিতুর সমস্যা নিয়ে তুলকালাম হয়েছিল টলিউডে। শোনা গিয়েছিল, শিরিনের সঙ্গে প্রথমে ভাল সম্পর্ক থাকলেও, পরবর্তীতে নাকি জিতুর সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যায়। এমনকি শিরিন নাকি আনফলো পর্যন্ত করে দেন জিতুকে। পরবর্তীতে শিরিন জানান, জিতুর সঙ্গে তাঁর কোনও সমস্যা নেই। এদিনের পোস্টেও শিরিন সবার আগে রাখলেন জিতুকেই।