হুগলির হরিপাল ব্লকের বন্দিপুর অঞ্চলের ঘাটড়া গ্রামে তৃণমূল কংগ্রেসের এক বুথ সভাপতিকে ঘিরে অভিনব প্রতিবাদে সরগরম হয়ে উঠল এলাকা। মৃত গাছ বিক্রি করে অর্থ আত্মসাতের অভিযোগ এবং বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ তুলে তৃণমূলের বুথ সভাপতি মানিক কোলেকে ডিমভাজা খাইয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা।বিজেপি নেতা সুমন রুইদাসের অভিযোগ, তৃণমূলের শাসনকালে মানিক কোলে এলাকার বিজেপি কর্মীদের হুমকি দিয়ে বাড়িছাড়া করেছিলেন। শুধু তাই নয়, তাঁদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল বলেও দাবি করেন তিনি। সেই সমস্ত মামলা অবিলম্বে প্রত্যাহার এবং মামলা মোকাবিলায় যে আর্থিক খরচ হয়েছে, তা ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার দাবিও তোলেন বিজেপি নেতারা।