Last Updated:
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ করা উচিত বলে গতকালই মন্তব্য করেছিলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়৷
দলে ভাঙনের জেরে এবার আরও বিপাকে তৃণমূল কংগ্রেস৷ দলের বিক্ষুব্ধ শিবিরের একাধিক বিধায়কের অভিযোগের ভিত্তিতে এবার তৃণমূলের তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ করে দিল এইচডিএফসি ব্যাঙ্ক৷ জানা গিয়েছে, ফ্রিজ হয়ে যাওয়া ওই তিনটি অ্যাকাউন্টে প্রায় ৪৪০ কোটি টাকা রয়েছে৷
গতকালই জানা গিয়েছিল, নিজেকে কোষাধ্যক্ষ বলে দাবি করে তৃণমূলের অ্যাকাউন্ট থেকে আর্থিক লেনদেন বন্ধের জন্য এইচডিএফসি ব্যাঙ্ক-এর সেন্ট্রাল প্লাজা শাখায় চিঠি দিয়েছিলেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস৷ আজ আবার তৃণমূলের বিক্ষুব্ধ শিবিরের কয়েকজন বিধায়ক তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ করার অনুরোধ করে বিধাননগর পুলিশের সাইবার সেলকে অনুরোধ করে চিঠি লেখেন৷ পুলিশের তরফে বিষয়টি ব্যাঙ্ক কর্তৃপক্ষকে জানানো হয়৷ তার পরই ব্যাঙ্কের পক্ষ থেকে এই পদক্ষেপ করা হয়েছে বলে সূত্রের খবর৷ অ্যাকাউন্ট ফ্রিজ করার কথা ব্যাঙ্ক কর্তৃপক্ষ পুলিশকেও জানিয়ে দিয়েছে৷
তৃণমূলের পক্ষ থেকে অবশ্য গতকাল দাবি করা হয়েছিল, অরূপ বিশ্বাসকে গত ৫ জুন কোষাধ্যক্ষের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল৷ তাঁর জায়গায় কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয় শুভাশিস চক্রবর্তীকে৷ অরূপ বিশ্বাস অবশ্য গত ১২ জুন ব্যাঙ্ক কর্তৃপক্ষকে পাঠানো চিঠিতে নিজেকে দলের কোষাধ্যক্ষ হিসেবেই দাবি করেছিলেন৷
গতকালই অরূপ বিশ্বাসকে সমর্থন জানিয়ে তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবিতে সরব হন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও৷ তিনি দাবি করেন, তৃণমূলের ওই অ্যাকাউন্টে কাটমানি, চুরির টাকাও থাকতে পারে৷ ফলে অ্যাকাউন্ট ফ্রিজ করে রাজ্য সরকার এই অভিযোগের তদন্ত করে দেখুক৷
বিস্তারিত আসছে…
Kolkata,West Bengal
