উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : “আমার কাজ হবে আদিবাসী উন্নয়ন করা।” ব্রিগেডে ঐতিহাসিক মঞ্চে মন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর এবিপি আনন্দকে একথা জানিয়ে দিলেন রানিবাঁধ বিধানসভা কেন্দ্র থেকে জয়ী ক্ষুদিরাম টুডু। রাজ্যের প্রথম বিজেপি সরকারের মন্ত্রী তিনি। তবে, তাঁর দফতর এখনও ঘোষণা হয়নি। দায়িত্ব নিয়ে তাঁর প্রথম কাজ কী হবে সেকথাও জানিয়ে দেন মন্ত্রী।
ক্ষুদিরাম টুডু বলেন, “আজ মন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর ভাল লাগছে। দীর্ঘিদনের যে লড়াই সেই লড়াইয়ের আজ অন্তিম…তে পৌঁছালাম। দায়িত্বটা অনেক বেশি বেড়ে গেল। আমি ভাবিনি যে মন্ত্রী হব। কিন্তু, আমি জানি এটা বিজেপি। কারণ, আপনারা জানেন আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একেবারে প্রত্যন্ত জঙ্গলমহল থেকে। আমারও বাঁকুড়ার রানিবাঁধ বিধানসভা কেন্দ্রের বাঘডুবি গ্রাম…প্রত্যন্ত জঙ্গল… যেখানে একসময় মাওবাদীদের আখড়া ছিল, সেই জঙ্গল থেকে তুলে এনে বিজেপি আজ আমায় মন্ত্রী করেছে।” মন্ত্রী হিসাবে তাঁর কাজ কী হবে সেকথাও জানান ক্ষুদিরাম টুডু। তিনি বলেন, “আমার কাজ হবে আদিবাসী উন্নয়ন করা। প্রথম কাজ হবে, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস যত ফেক এসটি সার্টিফিকেট ইস্যু করেছে, সেইসব সার্টিফিকেট পুরোপুরি শেষ করে দেব। পরবর্তী কাজ হবে, আদিবাসীদের হোস্টেল ব্যবস্থা আমি চালু করব।” তাঁকে এবিপি আনন্দর তরফে প্রশ্ন করা হয়, মুখ্যমন্ত্রী নাম শুভেন্দু অদিকারী। কেমন লাগছে ? উত্তররে তিনি বলেন, “ভীষণ ভাল লাগছে। কাজের লোক। লড়াই করার লোক।”
ব্রিগেডে ঐতিহাসিক মুহূর্ত। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari Takes Oath as West Bengal’s New Chief Minister)। রাজ্যপাল আর এন রবি তাঁকে শপথবাক্য পাঠ করান। শপথ-গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন-রা। ছিলেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। য়েমন- উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অসমে পুনরায় ক্ষমতায় প্রত্যাবর্তনকারী হিমন্ত বিশ্বশর্মা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ-সহ আরও অনেকে। শুভেন্দুর শপথ-গ্রহণ অনুষ্ঠান ঘিরে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কার্যত ‘চাঁদের হাট’ বসে।
পাশাপাশি এদিন মন্ত্রী হিসেবে শপথ নিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু, নিশীথ প্রামাণিক-রা। West Bengal New CM Suvendu Adhikari