Last Updated:
West Medinipur News: স্বপ্ন দেখার সাহস, জেদ ও অক্লান্ত পরিশ্রম সঙ্গী। আর্থিক অনটন থাকলেও স্বপ্নপূরণের লক্ষ্যে থামতে রাজি নয় পশ্চিম মেদিনীপুরের যুবক। কিক বক্সিংয়ে পেলেন বড় সাফল্য।
বেলদা, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। মাথার ওপর কেবল একটা সামান্য চালার আচ্ছাদন। বাবা পেশায় রাজমিস্ত্রি, তাঁর হাড়ভাঙা খাটুনি আর সামান্য আয়েই কোনও রকমে টিকে রয়েছে গোটা পরিবার। কিন্তু দারিদ্র্যের এই চোখরাঙানি দমিয়ে রাখতে পারেনি পশ্চিম মেদিনীপুরের বেলদার সবুজপল্লী এলাকার যুবক দুর্গেশ বিশ্বাসকে। প্রতিদিনের চরম অভাবকে আক্ষরিক অর্থেই রিংয়ে ‘নকআউট’ করে সম্প্রতি স্টেট কিকবক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন এই কলেজ পড়ুয়া।
ছোটবেলা থেকেই লড়াইয়ের অপর নাম তাঁর জীবন। পদে পদে আর্থিক অনটনের সঙ্গে যুদ্ধ করতে হয়। তবু দু’চোখে তাঁর শুধুই স্বপ্নের হাতছানি— দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করার স্বপ্ন। কিকবক্সিংয়ের মত একটি অত্যন্ত শারীরিক ক্ষমতাসম্পন্ন ও ঝুঁকিপূর্ণ খেলাকে বেছে নিলেও, দুর্গেশের চোখেমুখে ভয় নেই, রয়েছে শুধুই জেদ আর অদম্য সাহসের ছাপ। বিদেশের মাটিতে দেশের মুখ উজ্জ্বল করার স্থির লক্ষ্য নিয়েই প্রতিদিন কঠোর অনুশীলনে ঘাম ঝরান তিনি।
দীর্ঘদিন ধরে কোচ সুদীপ ভৌমিকের কড়া তত্ত্বাবধানে কিকবক্সিংয়ের পাঠ নিচ্ছেন দুর্গেশ। শুধু রাজ্য নয়, এর আগেও একাধিকবার জাতীয় স্তরে পদক জিতে নিজের অসাধারণ প্রতিভার প্রমাণ দিয়েছেন তিনি। বর্তমানে তিনি বেলদা অ্যাথলেটিক ক্লাবের অধীনে নিজের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। পড়াশোনার পাশাপাশি চরম আর্থিক প্রতিকূলতার মধ্যেও প্রতিদিন নিয়ম করে চলে তাঁর কঠোর অনুশীলন। লক্ষ্য স্থির থাকায় রুটিন থেকে এক চুলও সরেন না এই তরুণ।
সম্প্রতি কলকাতার খিদিরপুরে আয়োজিত হয়েছিল স্টেট কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ। সেখানেই সারা রাজ্যের প্রতিযোগীদের পিছনে ফেলে নিজের বিভাগে সেরা হয়ে সোনার পদক ছিনিয়ে নিয়েছেন দুর্গেশ। বেলদার মত একটি এলাকার সাধারণ ঘরের ছেলের এই অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত গোটা মহকুমা। দুর্গেশের এই চোখ ধাঁধানো সাফল্যে গর্বিত বেলদা অ্যাথলেটিক ক্লাব কর্তৃপক্ষ থেকে শুরু করে তাঁর কোচ ও স্থানীয় বাসিন্দারা। সকলেরই এখন একটাই বিশ্বাস, অভাবের সমস্ত গণ্ডি পেরিয়ে আগামী দিনে আন্তর্জাতিক মঞ্চেও ভারতের তেরঙ্গা ওড়াবে বেলদার এই লড়াকু সন্তান।