অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : আষাঢ়ে দক্ষিণবঙ্গের আকাশে দুর্যোগের ঘনঘটা। নিম্নচাপের জেরে আজ কলকাতা-সহ জেলায় জেলায় দিনভর দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি সামান্য কমার সম্ভাবনা থাকলেও দুর্যোগ বাড়বে উত্তরবঙ্গে। বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ।পাহাড়ে টানা বৃষ্টিতে বাড়ছে ধসের আশঙ্কা, পাল্লা দিয়ে ফুঁসছে উত্তরবঙ্গের একাধিক নদী।
এদিকে প্রবল বৃষ্টিতে ভাসছে মুম্বই। বাণিজ্যনগরীতে দুর্যোগ চলাকালীন ৪তলা বাড়ি ভেঙে মৃত্যু হয়েছে অন্তত ৬ জনের। আজও মুম্বই, নবি মুম্বই, পালঘর, ঠানেতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি দেশের ২৫টি রাজ্যে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। মহারাষ্ট্রের পাশাপাশি লাল সতর্কতা জারি করা হয়েছে ওড়িশা, ছত্তীসগঢ়ে।
আজ সোমবার ৬ জুলাই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিই হবে মূলত। তবে দু-এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ভারী বৃষ্টি বলতে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি রয়েছে হলুদ সতর্কতা। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম জেলার দু-একটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির বেশ কিছু জায়গায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। প্রসঙ্গত উল্লেখ্য, চলতি সপ্তাহ জুড়েই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝড় হবে।
Weather News: নিম্নচাপের জেরে আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দিনভর দফায় দফায় বৃষ্টি