Last Updated:
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন ৬ জুলাই। শ্যামাপ্রসাদকে জানতে হবে, বুঝতে হবে। তার জন্য পড়াশোনা করতে হবে, বলছে বাঙালিদের একাংশ। শুধুমাত্র গুগলের উপর আর ভরসা রাখতে চাইছেন না তাঁরা। কলেজ স্ট্রিট চত্বরে গেলেই সে বিষয়টি বোঝা যাচ্ছে। বইয়ের দোকানের বাইরে অন্যান্য গল্পের বই, পাঠ্যবইয়ের পাশে জায়গা করে নিয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে লেখা কাহিনি।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: কলকাতার পুরনো বইয়ের দোকান। যা ১৮৮৬ সালে কলেজ স্ট্রিটে স্থাপিত হয়েছিল। তার একটি শাখা এখন ঐতিহাসিক বাড়িতেও। তাও আবার এমন একটি ঐতিহ্যবাহী বাড়ি, যা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাবা, ব্যারিস্টার-শিক্ষাবিদ ‘বাংলার বাঘ’ আশুতোষ মুখোপাধ্যায়ের বাড়ি।
৭৭ নম্বর আশুতোষ মুখার্জি রোড। কলকাতার ভবানীপুরে অবস্থিত এবং ‘দাশগুপ্ত’ বইয়ের দোকানের নতুন শাখাটি এই ভবনেই অবস্থিত। এখানে বিভিন্ন লেখকের বিভিন্ন বই যেমন রয়েছে তেমনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়েও নানান তথ্য সমৃদ্ধ লেখা ও দুষ্প্রাপ্য ছবি সম্বলিত বইয়ের সম্ভারও রয়েছে এই বুক স্টলে। পাঠকদের সেই বই সংগ্রহের আগ্রহ এখন তুঙ্গে।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী থেকে হিন্দুদের হোম ল্যান্ড তৈরি-সহ নানান ইতিহাসের কথা তুলে ধরা হয়েছে নানান লেখকের বইয়ের পাতায়। অনেক অজানা ইতিহাস থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দুষ্প্রাপ্য ছবির সম্ভারও রয়েছে এই হেরিটেজ বুক স্টলে থাকা বইয়ের পাতায় পাতায়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে লেখা বিভিন্ন বই এখন হট কেকের মতো বিক্রি হচ্ছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাংলাতে বিজেপি সরকার গঠনের পর পাঠকদের আনাগোনা অনেকটাই বেড়েছে শ্যামাপ্রসাদের পৈতৃক ভিটেতে অবস্থিত এই বইয়ের দোকানেও। এক কথায় ‘ভারত কেশরী’ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে লেখা বই সংগ্রহের হিড়িক পড়েছে বুক স্টলে।
প্রতি বছরই ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালন করে বিজেপি। কিন্তু এ বছর দিনটার তাৎপর্য আলাদা। কারণ, শ্যামাপ্রসাদের রাজ্যে এ বারই প্রথম ক্ষমতা দখল করেছে তারা। সেই প্রেক্ষিতের কথা মাথায় রেখেই আজ, সোমবার বিজেপির প্রাণপুরুষ শ্যামাপ্রসাদের জন্মদিন উদযাপন করতে কলকাতায় উড়ে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই প্রথম ৬ জুলাই রাজ্য সরকারের তরফে ছুটিও ঘোষণা করা হয়েছে।
Kolkata,West Bengal
Jul 06, 2026 10:34 AM IST
